কারুশিল্প মেলায় বিদেশি পণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেলায় নিম্নমানের বিদেশি পণ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রামবাংলার কুমার, তাঁতি ও মৃৎশিল্পের কারিগরদের হাতে তৈরি তৈজসপত্রের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়। এ বছর ১৪ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। এবারের মেলায় কারুপণ্য উৎপাদন ও প্রদর্শনীর জন্য ২৭টি স্টলসহ হস্তশিল্পের ৪৬টি, পোশাকের ৪৩টি, মনিহারি সামগ্রীর ৩৫টি, খাবারের ২৫টি ও মিষ্টিজাতীয় খাদ্যপণ্যের ১৭টি স্টল বসানো হয়েছে। ফাউন্ডেশনের নিজস্ব স্টলে দেশের কারুশিল্পীদের পণ্যের প্রদর্শনী করা হচ্ছে। তবে ব্যক্তিমালিকানাধীন স্টলগুলো বিদেশি পণ্য বিশেষ করে মিয়ানমার ও চীনের তৈরি পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র দিয়ে ভরে গেছে। এসব পণ্যের মধ্যে কিছু দেশি শিল্পীর তৈরি তৈজসপত্র ও পণ্য চোখে পড়ে।
গতকাল রোববার দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে মিয়ানমার ও চীনের তৈরি চাদর, শাল, শাড়ি, জুতাসহ বিভিন্ন তৈজসপত্রের পসরা সাজানো হয়েছে। দোকানে ক্রেতার সংখ্যা খুবই কম। আবার অনেক দোকানদার বিদেশি পণ্যকে দেশের কারিগরদের হাতে তৈরি পণ্য বলে চালিয়ে দিচ্ছেন।
তৈরি পোশাকের ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘দেশের কারিগরদের তৈরি পণ্যসামগ্রীর দাম একটু বেশি। এ কারণে আমরা বিদেশি পণ্য বিক্রি করে থাকি।’ এসব পণ্য বিক্রিতে ফাউন্ডেশনের কোনো নিষেধাজ্ঞা আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমাদের নিষেধ করেনি।’
মেলায় ঘুরতে আসা ঢাকার মগবাজারের ব্যবসায়ী সাত্তার আজাদ বলেন, ‘লোক ও কারুশিল্প মেলায় ছেলেমেয়েদের নিয়ে এসেছি। উদ্দেশ্য হচ্ছে গ্রামবাংলার তৈজসপত্রের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। তাঁতিদের হাতে বোনা শাড়ি কেনা। কিন্তু এখানে এসে নিম্নমানের বিদেশি পণ্য দেখে মনটা খারাপ হয়ে গেল।’
জানতে চাইলে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ‘কিছু দোকানদার হয়তো বিদেশি পণ্যের পসরা সাজিয়েছেন। বিষয়টি তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’