কারুশিল্প মেলায় ২০০ বছরের পুরোনো নকশিকাঁথা থাকবে
আগামীকাল বৃহস্পতিবার থেকে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত এই মেলায় ২০০ বছরের পুরোনো নকশিকাঁথা প্রদর্শন করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের উপাদান পুনরুদ্ধার করে নতুন প্রজন্মকে সেগুলোর সঙ্গে পরিচয় করে দিতে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে। এতে ১৭২টি স্টলে কারুপণ্য, হস্তশিল্প, পোশাক, স্টেশনারি ছাড়াও বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হবে। মেলায় ‘বাংলাদেশের গৌরবগাথা আমাদের এই নকশিকাঁথা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী হবে। এতে ২০০ বছরের পুরোনো নকশিকাঁথা প্রদর্শন করা হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় নওগাঁ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি-ঘোড়া-পুতুল ও কাঠের কারুশিল্প, বেত ও বাঁশের কারুশিল্প, মুন্সিগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্পও স্থান পাবে। বিভিন্ন ধরনের লোকসংগীত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া ও পুঁথি পাঠের আসর ছাড়াও মেলায় গ্রামীণ খেলা দেখানো হবে বলে জানান তিনি।