
তিনি ডিজাইনার। দেশের প্রতিষ্ঠিত অনেকগুলো ফ্যাশন হাউসের পরামর্শক হিসেবে কাজ করেন। ফ্যাশন ডিজাইনের শিক্ষকও তিনি। ভালোবাসেন শিল্পকর্ম সংগ্রহ করতে। চন্দ্রশেখর সাহার জীবনযাপন নিয়েই এ আয়োজন।
যাঁর নেশা আর পেশা দুটোই এক হয়ে যায়, তিনি ভাগ্যবান। এমন অল্পসংখ্যক মানুষের দলেই পড়েন ডিজাইনার এবং পরামর্শক চন্দ্রশেখর সাহা। কারুশিল্পের জন্য প্রবল টান এই মানুষের, তা তাঁর বাড়ির বসার ঘরে প্রবেশ করেই অনুভব করা যায়।

প্রায় ৩০ বছর ধরে একটু একটু করে তিনি সংগ্রহ করেছেন সারা বিশ্বের নানা প্রান্ত থেকে কারুশিল্পের নানা নমুনা। পেরুর আদিবাসী এক শিল্পীর তৈরি কাপড়ের পুতুলের পাশেই স্থান পেয়েছে নারায়ণগঞ্জের বাজার থেকে কেনা হাতে বোনা টুপি। কুমিল্লার এক জেলেকে অনেক অনুরোধ করে চেয়ে নিয়েছেন তাঁর ব্যবহারের ডুলা। সেটি এখন ব্যবহার হচ্ছে বই রাখার কাজে। ‘ঘুরতে থাকি, যখন যেটা চোখে পড়ে যায় সেটা নিয়ে নেই।’ এই হলো তাঁর সংগ্রহের মূলমন্ত্র। তবে তাঁর সংগ্রহে চোখ বোলালেই বোঝা যাবে বুদ্ধ আর গণেশমূর্তির প্রতি তাঁর ঝোঁকটা বেশি। নানা দেশের নানা রকম বুদ্ধ আর গণেশমূর্তি আছে তাঁর সংগ্রহে। বেশির ভাগই কাঠের, কোনোটি এক হাত সমান বড়, ভারী; কোনোটি আবার বুড়ো আঙুলের চেয়েও ছোট। সংগ্রহের বৈচিত্র্য চোখ টানবেই।
‘ক্র্যাফট তো একটা নাম। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব জিনিসেরই তো নানা মাত্রা আছে। তাতে সৌন্দর্য যেমন আছে, কার্যকারিতাও আছে। এই ব্যাপারটিকেই আমি শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে ভারী শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছুর মধ্যে সৌন্দর্য নেই। তবে আমার মনে হয়, আমাদের লোকজ শিল্পী যাঁরা হাজার বছর ধরে নিত্য ব্যবহারের জিনিসপত্র তৈরি করে যাচ্ছেন, তাঁদের সম্মান জানানো উচিত।’ বললেন চন্দ্রশেখর সাহা।
খাবার ঘরে রাখা তাঁর নানা রকম চামচের সংগ্রহ। সেই সঙ্গে দেয়ালে ঝোলানো মাছের মোটিফ ব্যবহারে তৈরি বৈচিত্র্যময় শিল্পকর্ম। পাশে তাকালে নজর কাড়বে প্লেট, গ্লাস ইত্যাদি রাখার কাবার্ড। তিনি বললেন, ‘এটার যে নবগুলো দেখছেন, তার কয়েকটি মিয়ানমার থেকে আনা, দুটি আছে কলকাতার আর কয়েকটি আবার পেয়েছি দিল্লির চোরবাজার থেকে। সংগ্রহের সময় কিন্তু ভাবিনি যে এগুলো দিয়ে এমন একটি আসবাব বানাব।’
খুব সূক্ষ্ম কাজের আরও আসবাব চোখে পড়ল। জানালেন, এটি আর কিছুই নয়, তৈরি হয়েছে ব্লকপ্রিন্ট করার ফেলে দেওয়া ছাঁচ থেকে।

পোশাকেও তিনি ধরে রাখেন পুরোপুরি বাঙালিয়ানা। পাঞ্জাবি-পাজামা ছাড়া অন্য কিছু পরতে তাঁকে দেখা যায় কমই। এগুলো প্রায় সবই তাঁর নিজের নকশা করা। আর তাঁতের কাপড়টাই ব্যবহার করেন বেশি। ‘বিদেশে যখন নানা সভা, অনুষ্ঠানে যাই তখন আগে থেকেই ঠিক করে নেই কেমন পাঞ্জাবি পরব। দিনে আর রাতে পরার পাঞ্জাবিও আলাদা করে রাখি। কখনো এর সঙ্গে যোগ হয় চাদর।’ বললেন তিনি।
তাঁর পরিবারে রান্নার ঐতিহ্য আছে। ভালো রান্না করেন প্রায় সবাই। তবে তিনি রান্নাটা তেমন না করলেও এ নিয়ে বেশ ভাবেন। ‘নিত্যনতুন রেসিপি বানাই। উপকরণ আর আমি কী স্বাদ আশা করছি, এই দুটো ব্যাপার বুঝতে পারলে নতুন কত কিছুই তো বানানো সম্ভব। কফিটা নিজে বানিয়ে খাই।’ ডিজাইনের কাজটাই দখল করে রাখে তাঁর অনেকখানি সময়। এর পাশাপাশি তিনি পছন্দ করেন বই পড়তে, উচ্চাঙ্গসংগীত শুনতে। থাকতে ভালোবাসেন প্রকৃতির কাছে।