কারেন্ট জাল থেকে দুটি পাখিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে লিচুগাছের জালে আটকে থাকা পাখি উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি বিকেলে তোলা। রাজশাহী, ২৮ এপ্রিল। ছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে লিচুগাছের জালে আটকে থাকা পাখি উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি বিকেলে তোলা। রাজশাহী, ২৮ এপ্রিল। ছবি: প্রথম আলো

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে কারেন্ট জালে আটকে থাকা দুটি পাখিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনের লিচুগাছ থেকে পাখি দুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাখি দুটির নাম ‘বসন্তবাউরি’। পাখিগুলোকে দেখে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মণ্ডল লিচুগাছের জালে পাখিগুলোকে আটকে থাকতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আটকে থাকা পাঁচটি পাখির মধ্যে দুটিকে জীবিত উদ্ধার করা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আরও দুটি বসন্তবাউরি ও একটি বাদুড় মারা যায়।

দেবশ্রী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাদের জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। কোনো পশু-পাখিকেই এভাবে হত্যা করা উচিত নয়।’

বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের পরিদর্শক হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘প্রাণ তো প্রাণই। সেটা মানুষের হোক বা প্রাণীর। আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণকক্ষকে জানাই। তারা আমাদের এখানে দ্রুত আসার নির্দেশ দেন।’

এর আগে গত ১৩ মার্চ রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় বৈদ্যুতিক তারে থাকা ঘুড়ির সুতায় আটকে পড়ে একটি চড়ুই পাখি। সেটিকে উদ্ধার করে গণমাধ্যমে আলোচিত হয়েছিল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।