কারেন্ট জাল দিয়ে চলছে মাছ নিধন
সিলেটের গোয়াইনঘাটে হাওরসহ বিভিন্ন জলাশয়ে কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ নিধন চলছে। ফলে পোনা ও ডিমওয়ালা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে।এলাকাবাসী জানায়, উপজেলার চদিবদি হাওর, বাইমারপার, কচুয়ারপার, নাইন্দা হাওর, দাড়াইল হাওর, বগাইয়া হাওর, খাস, ডৌবাড়ি হাওর, লক্ষ্মীহাওর, তিতগুল্লি হাওর, জলুরমুখ, গহড়া হাওরসহ অনেক উন্মুক্ত জলাশয়েই চলছে অবাধে মাছ নিধন।হাওর এলাকার একাধিক জেলে জানান, এলাকার কিছু প্রভাবশালী মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ নিধন করছেন। ফলে হাওরগুলোতে এখন মাছের আকাল দেখা দিয়েছে।গোয়াইনঘাটের পরিবেশ-কর্মী আবদুল মতিন বলেন, ‘একসময় গোয়াইনঘাট থেকে সিলেটে মাছ যেত। কিন্তু কারেন্ট জাল দিয়ে মাছের প্রজনন ও বৃদ্ধি বাধাগ্রস্ত করায় এখন সিলেট থেকে মাছ এলে তবেই আমরা মাছ খেতে পাই। তাই যেকোনো মূল্যে কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ও মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাটের উদ্যোগে গত বৃহস্পতিবার উপজেলার গহড়া হাওরের বুগইল বিলে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের কারেন্ট জাল আটক করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জালের মালিকেরা পালিয়ে যান। পরে জালগুলো উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের উপস্থিতিতে পোড়ানো হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ সাফায়াত হোসেন বলেন, অভিযান অব্যাহত রয়েছে।