কারেন্ট জালসহ আটক দুজনকে কারাদণ্ড, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিল ও দোকানে গত বুধবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম খায়রুল আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অংশ নেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন ও সদর থানার পুলিশ। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: শহরের কালাইশ্রীপাড়ার রানা চৌধুরী (৩০) এবং সদর উপজেলার মাশাউড়া গ্রামের আল-আমিন (২৬)।সদর থানা সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা থেকে ছয় ঘণ্টার অভিযানে তিতাস নদীর বিল শাকলা, বিল গোয়ালিয়া ও বিল বড় গোয়ালিয়া এবং নিউমার্কেটের জাহের স্টোর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একজন ব্যবসায়ী ও বিল থেকে এক জেলেকে আটক করা হয়। উদ্ধার করা জালগুলো পরে কাউতুলী মাছ বাজারে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। নির্বাহী হাকিম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে ওই চক্র জেলার আশপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ নিধন করে ব্যবসা চালিয়ে আসছিল। ফলে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে।