কারেন্ট জালে সামুদ্রিক মাছের বংশবিস্তার হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বঙ্গোপসাগর মোহনা ও বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এই তিনটি নদীতে কারেন্ট জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণের সময় প্রতিদিন অন্যান্য প্রজাতির মাছের লাখ লাখ পোনা নিধন করা হচ্ছে।প্রতিদিন এসব নদ-নদী ও সাগর মোহনায় কমপক্ষে ৩৫ হাজার লোক অবৈধ জাল দিয়ে চিংড়ি পোনা আহরণের কাজে নিয়োজিত রয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে বাগদা পোনা ধরা হলেও এ জালে সব প্রজাতির রেণু পোনা মারা পড়ায় সামুদ্রিক মাছের বংশ বিস্তার হুমকিতে পড়ার আশঙ্কা করেছেন মৎস্য বিজ্ঞানীরা।জানা গেছে, সরকার উপকূলে ছোট ফাঁসের জাল দিয়ে চিংড়ি পোনা শিকার নিষিদ্ধ করলেও সে নিষেধাজ্ঞা উপেক্ষিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লগ্নি করে দরিদ্র জেলেদের চিংড়ি ধরার কাজে উৎসাহিত করছে। মৎস্য বিশেষজ্ঞদের আশঙ্কা, উপকূলে বাগদা রেণু ধরার নামে অন্যান্য মাছের পোনা নিধনযজ্ঞ বন্ধ করা না হলে অচিরেই বঙ্গোপসাগরসহ দেশের নদ-নদী ও অন্যান্য জলাশয়ের প্রাকৃতিক মৎস্য ভান্ডারে ব্যাপক বিপর্যয় দেখা দেবে। সরেজমিনে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া, চরদুয়ানি, পদ্মা, তাফালবাড়িয়া, জিনতলা; বরগুনা সদরের নিশানবাড়িয়া, তুলাতলা, বড়ইতলা, নলী, বালিয়াতলী, গোলবুনিয়া; তালতলী উপজেলার আশারচর, নলবুনিয়া, নিদ্রা-সকিনা, বগী, জয়ালভাঙাসহ বঙ্গোপসাগর উপকূলীয় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দল বেঁধে চিংড়ি পোনা আহরণে নিয়োজিত আছে এসব এলাকার কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু।মশারির নেট দিয়ে বিশেষভাবে তৈরি এসব জালের প্রত্যেকটিতে একেকবারে ৫০-৬০টি চিংড়ি পোনা উঠে এলেও তার সঙ্গে ধরা পড়ছে টেংরা, পোয়া, তপসি, ইলিশ, চাপিলাসহ বেশ কিছু প্রজাতির অসংখ্য মাছের পোনা। চিংড়ি পোনা আলাদা করে মাটি ও অন্যান্য পাত্রের পানিতে জিইয়ে রাখলেও অন্য প্রজাতির মাছের পোনাগুলো ডাঙায় অথবা নদীর চরে ফেলে রাখায় সেগুলো পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরবর্তী জয়ালভাঙ্গা গ্রামের হনুফা আক্তার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে। বিদ্যালয় ছুটির পর দুপুর সাড়ে ১২টার দিকে হনুফা মশারির কাপড় দিয়ে তৈরি একটি খুঁচনি জাল নিয়ে পায়রা নদীতে নেমেছে পোনা শিকারের জন্য। হনুফা বলে, ‘স্কুল দিয়া আইয়্যা পেরতেক দিন গাঙে পোনা ধরি। ডেইলি ১৫০-২০০ পোনা পাই। বেইচ্চা ৭৫-১০০ টাকা পাই। মোর আব্বা-মায়ও পোনা ধরে। হেইয়্যা দিয়াই মোগো তিনবেলা খাওন জোডে ।’ বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের সোনাতলা, নিশানবাড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কমপক্ষে ৩০০ নারী-পুরুষ ও শিশু মশারির জাল দিয়ে চিংড়ি পোনা ধরছে। সোনাতলা গ্রামের পোনা শিকারি আবদুল মজিদ বলেন, ‘পোনা ধরা সরকার নিষেধ করছে জানি কিন্তু এইয়্যা না ধরলে পোলাপান লইয়্যা মোগো না খাইয়্যা থাহন লাগবে।’ বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, সাগরে আগের মতো এখন আর মাছ পাওয়া যায় না। নিষিদ্ধ কারেন্ট জাল ও গড়া জালসহ ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি তবে মৎস্য বিভাগে জনবলসংকটের কারণে সব সময় এসব অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম চালানো সম্ভব হয় না। তবুও আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি যতটা সম্ভব এসব নিয়ন্ত্রণের। ’জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান ড. সুলতান মাহমুদ বলেন, ‘এটি যে আমাদের মৎস্য ভান্ডারের জন্য বিরাট হুমকি তা বিশেষজ্ঞ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। কারণ, আমরা গবেষণা করে দেখেছি, একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে অন্যান্য প্রজাতির কমপক্ষে ৫০০ মাছের পোনা মারা পড়ছে। এতে অন্যান্য মাছের বৃদ্ধি ও উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’