কারেন্ট জালের ফাঁদে নৌপথ
ঢাকা থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে খুলনায় যাচ্ছিল মালবাহী জাহাজ জলগামী, জাহাজটি চাঁদপুর থেকে বরিশাল হয়ে খুলনায় যাবে। চাঁদপুরে অবস্থান শেষে ২৭ জানুয়ারি রওনা হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে কালীগঞ্জের মল্লিকপুরে মেঘনা নদীতে হঠাৎ আটকে যায় ‘জলগামী’। না পারছে চলতে, না পারছে ফিরে যেতে। মালিক বাদল নন্দী বলেন, ‘অনেক টাকার মালামাল নিয়ে জাহাজটি মাঝনদীতে এভাবে আটকে যাওয়ার খবর আমার জন্য ছিল অত্যন্ত উদ্বেগজনক। জাহাজের লোকজনও আতঙ্কিত হয়েছিল। পরে বোঝা গেল, নদীতে পেতে রাখা কারেন্ট জালে জড়িয়ে গেছে জাহাজটি। ইঞ্জিন বিকল হয়ে তিন দিন এভাবেই ছিল।’বাদল নন্দী জানান, ঢাকা থেকে চারজন ডুবুরি গিয়ে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে জাল কেটে উদ্ধার করেন জাহাজ। কিন্তু এরই মধ্যে তাঁর খরচ হয় অনেক টাকা।এটি একটি মাত্র উদাহরণ। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সূত্র অনুযায়ী চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন নৌরুটের নদীগুলোতে হরহামেশাই এ রকম ঘটনা ঘটছে। একশ্রেণীর দুর্বৃত্ত জাটকাসহ সব ধরনের মাছ শিকার করে কারেন্ট জাল দিয়ে। জালে জড়িয়ে প্রায়ই ঘটছে নৌ দুর্ঘটনা। ২০০২ সালের ৩ মে চাঁদপুরের ষাটনলে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অনেকেই কারেন্ট জালে জড়িয়ে মারা গেছে। এ ছাড়া এই জালে জড়িয়ে আরও কত যে লঞ্চ দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যায়, এর বেশির ভাগের কোনো হিসাবই থাকে না।কারেন্ট জালের বিস্তার: ২০০৮ সালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। তার পরও বর্তমানে দেশের সাত হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথের প্রায় অর্ধেক অংশ জুড়েই কারেন্ট জাল পেতে রাখা আছে বলে বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের হিসাব থেকে জানা যায়।বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা যায়, কারেন্ট জাল ছড়িয়ে আছে দেশের গুরুত্বপূর্ণ প্রায় সব নৌপথেই। এগুলোর মধ্যে ২৬৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা রুটের প্রায় ১০০ কিলোমিটার, বরিশাল রুটের ১৭৫ কিলোমিটারের মধ্যে প্রায় ৯০ কিলোমিটার, পটুয়াখালী রুটের ২৫২ কিলোমিটারের মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার, বরগুনা রুটের ২৭৮ কিলোমিটার পথের প্রায় ১৭০ কিলোমিটার, ভোলা রুটের ১৭৩ কিলোমিটার নৌপথে প্রায় ১০০ কিলোমিটার এবং হুলারহাট রুটে ২০৩ কিলোমিটার নৌপথের প্রায় ১০০ কিলোমিটার জুড়ে কারেন্ট জাল পাতা আছে।বিআইডব্লিউটি ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোর কাছে নদীপথে কারেন্ট জালের বিস্তারের যে বর্ণনা দেন, তা ভয়াবহ। তাঁরা জানান, পানির নিচে কারেন্ট জালের প্রায় অদৃশ্য বিস্তৃতি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। রাতের অন্ধকারে দেখলে মনে হবে, নদীর বুকে তারা জ্বলছে। পানির নিচে পাতা কারেন্ট জাল চিহ্নিত করতে পানির ওপরে হারিকেন জ্বালানো হয়। একই এলাকায় শত শত হারিকেনের মিটিমিটি আলো নদীর বুকে মোহনীয় পরিবেশ সৃষ্টি করে। কিন্তু এই আলো যেন মৃত্যুর আহ্বান হয়ে দেখা দেয় নদীর বুকে দাঁড়িয়ে থাকা ট্রলার, জাহাজ এবং এসবের কর্মীদের কাছে।নৌ-নিরাপত্তার জন্য কারেন্ট জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো সরকারই এ পর্যন্ত জোরালো উদ্যোগ নেয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কর্মকর্তারা। তাঁরা বলেন, শুধু প্রচারমাধ্যমে কারেন্ট জালে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ বলে প্রচার করেই বেশির ভাগ ক্ষেত্রে দায়িত্ব শেষ করা হয়েছে।কার্গোর মালিক ও বিআইডব্লিউটিএর বক্তব্য: বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বেলায়েত হোসেন জানান, ডাকাতি-লুটপাট অসম্ভব হারে বেড়ে গেছে, যার পুরো হিসাব জানাও যায় না। কারেন্ট জালের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বারবার বলা হয়েছে। নৌপথের প্রধান প্যানেলে কারেন্ট জালের বিস্তার রোধ করা না গেলে ভবিষ্যতে লঞ্চ বা কার্গো চালানো অসম্ভব হয়ে পড়বে।যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া কারেন্ট জালের বিস্তার বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।যেসব নৌপথ যে জেলার আওতায়, সেই জেলা প্রশাসন কারেন্ট জাল পাতা বা জাটকা মাছ না ধরার বিষয়ে যাতে কাজ করতে পারেন, সে জন্য সরকারের কাছে আবেদনের বিষয়েও চিন্তা করা হচ্ছে বলে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়। জাটকার মৌসুম ও বিক্রয়স্থল: খোঁজ নিয়ে জানা যায়, আগে বছরে একবার হলেও এখন দুবার জাটকার প্রজনন হয়। প্রথমবার সেপ্টেম্বর-অক্টোবর মাসে। দ্বিতীয়বার জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। তবে পুরো বছরই জাটকা ধরার মৌসুম। প্রায় সব প্রধান নদ-নদী, মোহনা ও উপকূলে জাটকা ধরা পড়ে।মৎস্যজীবী আবুল হোসেন জানান, বর্তমানে যেসব ইলিশ ধরা পড়ছে, সেগুলোর পেটে ডিম পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের বাচ্চা বা জাটকা ধরা নিষিদ্ধ হবে আগামী তিন মাস। এ বিষয়ে রেডিও-টেলিভিশনে প্রচারণাও চালানো হবে। কিন্তু কারেন্ট জাল থেকে রেহাই পাবে না জাটকা মাছ। তিনি আরও জানান, এখনো বাজারে কিছু জাটকা পাওয়া যাচ্ছে, তবে সেগুলো মিশে থাকে চাপিলা মাছের সঙ্গে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মাস খানেকের মধ্যে সারা দেশের বাজার ছেয়ে যাবে জাটকায়।বরিশাল, বরগুনা, হাতিয়া, চাঁদপুরসহ দেশের নদীবন্দর এলাকাগুলো থেকে কারেন্ট জালে ধরা জাটকা প্রধানত নদীপথে ঢাকার বাদামতলী আসে।ব্যবসায়ীদের অনেকেই বলছেন, অতীতে জাটকা মৌসুমে প্রায় প্রতিদিনই বিভিন্ন লঞ্চে জাটকা পাচারের ঘটনা ঘটত। পাচারকালে আটকও করা হয়েছে অনেকবার। তবে এবার এখনো সে রকম কোনো অভিযানের খবর পাওয়া যায়নি।