বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে পণ্যবোঝাই কার্গোর সংঘর্ষে দুজন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষে লঞ্চের সামনের দিকে চার-পাঁচ ফুট দুমড়েমুচড়ে গেছে।
গতকাল শনিবার ভোর চারটার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় এমভি টেকটাস নামের কার্গোর সঙ্গে যাত্রীবাহী লঞ্চ পারাবত-১০-এর সংঘর্ষ হয়। আহত মাহমুদ মিয়া এবং মুকুল বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা বলেন, ভোররাতে হঠাৎ সজোরে লঞ্চের সঙ্গে কিছু একটা ধাক্কা খায়। পরে দেখা যায়, একটি কার্গোর সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ছোটাছুটি শুরু করে দেন।
তবে পারাবত লঞ্চের পরিচালক মো. ইকবাল বলেন, ঢাকা থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল। ভোররাতে বরিশাল কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি কার্গো লঞ্চের সামনের দিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে কার্গো চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ওই সময় এক সারিতে ছয়টি কার্গো যাচ্ছিল।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের পরিদর্শক মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, মালবাহী কার্গোটি ভারত থেকে খুলনা হয়ে ঢাকা যাচ্ছিল। পথে লঞ্চ ও কার্গোর মাস্টারের অবহেলার কারণে এ সংঘর্ষ হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, রাতে কার্গো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও কার্গো চলাচল করছে। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা কার্যালয়ে প্রাথমিক প্রতিবেদন পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পারাবত লঞ্চের ধারণক্ষমতা ৭৫০। কিন্তু লঞ্চটি দেড় হাজারের মতো যাত্রী নিয়ে বরিশালে আসে।