কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি
নারায়ণগঞ্জে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গতকাল শুক্রবার কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শীতলক্ষ্যা নদীতে ৩০-৪০ জন যাত্রী নিয়ে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট থেকে বন্দরের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী ট্রলারটি। নদীর মাঝামাঝি মুন্সিগঞ্জগামী এমভি সিটি ২৪ নামের একটি কার্গো জাহাজ যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরিয়ে তীরে ওঠেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় কিছু যাত্রীকে আশপাশের নৌযান ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ট্রলারডুবির ঘটনার পরপরই নৌ-পুলিশ ধাওয়া করে কার্গো জাহাজটিকে শনাক্ত করেছে। কার্গো জাহাজটিকে আটকের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, ট্রলারডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে কোনো লাশ পাওয়া যায়নি। ট্রলারটিকে টেনে নদীর তীরে ওঠানো হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটি শনাক্ত করেছে। ট্রলারটি নদীর প্রায় ৩৫ ফুট গভীর রয়েছে। ট্রলারটি বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে রয়েছে। আড়াই ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে।