
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার ধোপার খালে গতকাল বুধবার বালুবাহী একটি কার্গোর ধাক্কায় লোহার সেতু ধসে পড়েছে। এর ফলে উপজেলা সদরের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে চিকিৎসাসেবা নিতে আসা লোকজনসহ এ এলাকার পাঁচ হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকাল আটটার দিকে আল-আলিফ নামের একটি বালুবাহী কার্গো সেতুটির মাঝের পিলারে ধাক্কা দেয়। এতে ৬৩ মিটার দৈর্ঘ্যের সেতুটির মাঝের ২৭ মিটার ধসে পড়ে। সেতুর পাটাতন ও রেলিং ভেঙে কার্গোর ওপর পড়লে কার্গোটি পানিতে ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। কার্গোর পাঁচ শ্রমিক দ্রুত সাঁতরে তীরে ওঠেন। সেতুটি ধসে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বিকল্প কোনো সড়ক না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ উদ্দিন বলেন, গতকাল বিকেলে হাসপাতালে একটি নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ছেলেশিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু সেতু ধসে পড়ায় নবজাতকটিকে বরিশালে নিতে স্বজনদের দুর্ভোগে পড়তে হয়।
আমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম বলেন, আমুয়া-কাঁঠালিয়া সড়কে যান চলাচল বন্ধ। মানুষ খেয়ানৌকায় পারাপার হচ্ছে। আমুয়াসহ মঠবাড়িয়া ও বরগুনার বামনা উপজেলার অনেক লোক এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সেতু ধসে পড়ায় এ অঞ্চলের অন্তত পাঁচ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বলেন, ‘যাতায়াতের জন্য ধোপার খালের সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) স্থানীয় নির্বাহী প্রকৌশলীকে সেতুটি দ্রুত মেরামতের অনুরোধ করেছি। আপাতত ইউনিয়ন পরিষদের (ইউপি) ব্যবস্থাপনায় সেখানে খেয়ানৌকার ব্যবস্থা করা হয়েছে।’
এলজিইডি ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘২০ বছর আগে ধোপার খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এলজিইডি এ ধরনের সেতু নির্মাণ করে না। এ কারণে এটি এখন মেরামতও সম্ভব নয়। এখানে নতুন করে সেতু নির্মাণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গার্ডার সেতু নির্মাণের জন্য প্রতিবেদন পাঠিয়েছি।’ তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য কার্গোর মালিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।