কার্গোর ধাক্কায় নৌ পুলিশের ট্রলারডুবি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে ধলেশ্বরী নদীতে গত বুধবার রাতে কার্গোর ধাক্কায় টহলে থাকা নৌ পুলিশের একটি ট্রলার ডুবে যায়। এতে এক পুলিশ কনস্টেবল ও নৌকার মাঝি আহত হন।
চার পুলিশ ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও অস্ত্র, গুলিসহ ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
আহত পুলিশ সদস্য লেবু মিয়া (৪৮) ও নৌকার মাঝি আল আমিনকে (৩৫) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোয়া যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে ধলেশ্বরীতে তৎপরতা চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে চার পুলিশ সদস্য নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ থেকে একটি কার্গো চাঁদপুরের দিকে যাওয়ার সময় নৌ পুলিশের ট্রলারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের চেষ্টা চলছে।