শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা নদীতে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে গতকাল শনিবার থেকে নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বালুবাহী কার্গো ও ট্রলারশ্রমিকেরা।গতকাল শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। শ্রমিকেরা অভিযোগ করেন, নদী থেকে প্রতি মাসে সন্ত্রাসীরা কমপক্ষে এক কোটি টাকা চাঁদা তুলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। চাঁদার দাবিতে সন্ত্রাসীরা প্রায়ই নিরীহ শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। বারবার অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।বাংলাদেশ কার্গো-ট্রলারশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা নদীতে অবস্থিত বিভিন্ন বালু মহালে প্রায় ১০ হাজার বাল্কহেড ও কার্গো বালু পরিবহন করে থাকে। এসব নৌযানে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। এসব শ্রমিক দীর্ঘদিন থেকে সন্ত্রাসীদের কাছে জিম্মি রয়েছেন।মেঘনা সেতু, মোক্তারপুর সেতু ও শীতলক্ষ্যা নদীর মোহনায় সন্ত্রাসীরা ছোট ছোট নৌকায় করে এসে প্রতি নৌযান থেকে জোর করে ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে তাঁদের কাছে থাকা মুঠোফোন সেট, নগদ টাকা এবং নৌযানের জ্বালানি লুট করে নিয়ে যায়। এ কারণে নদীতে বালুশ্রমিকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।্রএর প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করা হয়েছে।