কার্গো পণ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশাবাদ বিমানমন্ত্রীর

বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকের বৈঠককালে মেনন এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা–সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপে ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।
এ সময় যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকা থেকে দিল্লি স্থানান্তরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাশেদ খান মেনন জানান, প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বেশির ভাগ কার্যক্রম যখন অনলাইনে সম্পন্ন হচ্ছে, তখন ভিসা অফিসে অবস্থানের চেয়ে দ্রততার সঙ্গে কার্যক্রম সম্পন্নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় রাশেদ খান মেনন বলেন, লন্ডন ও অন্যান্য শহরে ১০ হাজারের বেশি কারিহাউস পরিচালনা করছেন বাংলাদেশিরা। তাই রকমারি খাবারের স্বাদ পেতে ব্রিটিশ পর্যটকেরা বাংলাদেশে আসতে পারেন। এ সময় হাইকমিশনার জানান, কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দুই দেশের পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে।
ব্রিটিশ হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আধুনিক মানের নতুন যেসব হোটেল-মোটেল নির্মাণ করা হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে, তা তাঁর দেশ পর্যবেক্ষণ করছে।