কার্গো শনাক্ত হলেও উদ্ধার করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াসংলগ্ন কীর্তনখোলা নদীতে গত শনিবার এমভি গ্রিন লাইন-২ ও পাথরকয়লাবোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষে ডুবে যাওয়া কার্গোটি শনাক্ত করা গেলও উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল রোববার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অঞ্চলের উদ্ধার যান নির্ভীক ডুবে যাওয়া কার্গোটি শনাক্ত করে। তবে ওজনে ভারী হওয়ায় সেটিকে টেনে তুলতে পারার সক্ষমতা না থাকায় নির্ভীক বরিশালে ফিরে এসেছে। একই সঙ্গে উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হয়েছে। নির্ভীকের কমান্ডার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্ভীক ২৫০ মেট্রিক টন ওজনের কোনো যানকে উদ্ধার করতে সক্ষম। কিন্তু এমভি গ্রিন লাইন-২-এর ওজন ৬৪৫ মেট্রিক টন। তারপর পানি ঢুকে এর ওজন অনেকটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডুবে যাওয়া কার্গোটিতে ৫০০ মেট্রিক টন পাথরকয়লা আছে। তিনি আরও বলেন, গ্রিন লাইন-২-এর মালিকপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁরা নিজস্ব ব্যবস্থাপনায় পাম্প দিয়ে পানি সেচে উদ্ধারে সক্ষম এমন উদ্ধারযান ভাড়া করে এটিকে উদ্ধার করবেন।
গত শনিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী যাত্রী পরিবহনকারী যান গ্রিন লাইন-২-এর সঙ্গে পাথরকয়লাবাহী একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়।