কার্গোর ধাক্কায় ভেঙে গেল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় লোহার তৈরি একটি সেতু ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার সকালে উপজেলার আমুয়া এলাকার হাসপাতাল-সংলগ্ন ধোপার খালের ওপর নির্মিত লোহার সেতুটি কার্গোর ধাক্কায় ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আল-আলিফ নামের বালুবাহী একটি কার্গোর ধাক্কায় সেতুটির মাঝের অংশ ভেঙে পানিতে ডুবে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী ও চিংড়াখালী গ্রামের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ উদ্দিন বলেন, বিকেলে হাসপাতালে সনিয়া আক্তার নামের এক প্রসূতি মায়ের নবজাতক অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় শিশুটিকে বরিশাল নিতে দুর্ভোগে পড়তে হয়েছে স্বজনদের।

আমুয়া এলাকার বাসিন্দা জিয়া তালুকদার বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় মানুষ খেয়া নৌকায় পারাপার হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় পাঁচ গ্রামের ২০ থেকে ২৫ হাজার মানুষ।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম প্রথম আলোকে বলেন, ‘ধোপার খালের সেতুটি খুবই গুরুত্বপূর্ণ সেতু। আমরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেছি দ্রুত সেতুটি মেরামত বা নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য। আপাতত ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় সেখানে খেয়া নৌকায় মানুষ পারাপারের ব্যবস্থা করা হয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ২০ বছর আগে ধোপার খালের ওপর এলজিইডি ৬৩ মিটার দৈর্ঘ্যের লোহার সেতুটি নির্মাণ করে। কার্গোর ধাক্কায় সেতুর মাঝের অংশে ২৭ মিটার ভেঙে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন সেতু নির্মাণের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে নতুন করে গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।