কার্গোর ধাক্কায় সেতু ক্ষতিগ্রস্ত
পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা এলাকার বালুভর্তি কার্গোর ধাক্কায় শ্রীমন্ত নদের ওপর লোহার সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর মাঝ বরাবর লোহার পিলার বাঁকা হয়ে সেতুর ওই অংশও দেবে গেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন ওই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, এমভি সানি-সাবিট নামের বালুবোঝাই একটি কার্গো গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ওই লোহার সেতুর নিচে নোঙর করার চেষ্টাকালে সেতুর ওপর সজোরে ধাক্কা লাগে। এ সময় বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্গোটি আটক করে।মির্জাগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির অর্থায়নে ২০০৩ সালে ১৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এই লোহার সেতুটি নির্মাণ করা হয়। উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ও ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের একমাত্র যোগাযোগের মাধ্যম এই সেতু। প্রতিদিন সহস্রাধিক মানুষ চলাচলের পাশাপাশি ভারী, মাঝারি ও হালকা যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে।মির্জাগঞ্জ এলজিইডি উপজেলা প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আবদুস সবুর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতুর মাঝ বরাবর লোহার পিলার বাঁকা হয়ে সেতুর ওই অংশটিও দেবে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।কার্গোর মালিক এলাকার রফিকুল ইসলাম সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পানির প্রবল স্রোতের কারণে সারেং কার্গোর নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই ঘটনা ঘটেছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ জানান, কার্গোটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কার্গোর মালিক সেতুটি মেরামত করে দিতে চেয়েছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পাঠানো হয়েছে। তিনি ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।