কার্গোর সঙ্গে ধাক্কাই বিপাশা দুর্ঘটনার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবে থাকা কার্গোর (পণ্যবাহী নৌযান) সঙ্গে সজোরে ধাক্কা লাগার কারণেই মেঘনা নদীতে ‘এমভি বিপাশা’ নামের লঞ্চটি দুর্ঘটনাকবলিত হয়। বয়াবাতি (মার্কা) না থাকায় রাতে কার্গো ডোবার স্থানটি চেনারও উপায় ছিল না। এ ছাড়া ভৈরব-জামালগঞ্জ পথে রাতে এ ধরনের লঞ্চ চলাচল নিষিদ্ধ থাকলেও বিপাশা চলাচল করছিল।এমভি বিপাশা ডুবির ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের গঠিত কমিটির প্রতিবেদনে এসব কারণ উল্লেখ করা হয়েছে। কমিটি আজ বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেবে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে মেঘনা নদীতে ২০ এপ্রিল রাত পৌনে দুইটার দিকে লঞ্চটি ডুবে যায়। প্রায় ১০০ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়। কমিটির হিসাবে, এ দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি হয়। কার্গোটি ডুবেছিল ১৭ এপ্রিল।লঞ্চডুবির ঘটনায় ২১ এপ্রিল অধিদপ্তরের প্রধান পরীক্ষক নাজমুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী ডুবে যাওয়া নৌযানের অস্তিত্ব বোঝার জন্য নিশানা হিসেবে বয়াবাতি বা মার্কা দিতে হয়, যাতে অন্য নৌযান সতর্কভাবে চলাচল করতে পারে। কিন্তু ওই স্থানে সে ধরনের বয়াবাতি ছিল না। কার্গো ডুবে থাকার তথ্য জেলা বা স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। ভবিষ্যতে যথাসময়ে এ ধরনের বিষয় অবহিত করার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য বিপাশার চালক বা মাস্টারকে দায়ী করা হয়নি। তবে বলা হয়েছে, লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় ভারসাম্য ছিল না।যোগাযোগ করা হলে তদন্ত কমিটির আহ্বায়ক জসীম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমরা কার্গোর সঙ্গে ধাক্কা লাগাকেই চিহ্নিত করেছি। বিপাশা গতি নিয়ে চলার সময় ডুবে থাকা কার্গোটি ছুরির মতো লাগে এবং প্রায় ১৫০ গজ দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। স্থানীয় লোকজনও আমাদের বলেছেন, কার্গোর স্থানে এক ফুট উচ্চতার দুটি পতাকা ছিল, যেগুলো রাতে দূরে থাক, দিনেও ভালোভাবে চোখে পড়ার মতো নয়।’তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া বলেন, কার্গোটি ডুবে যাওয়ার পর তিনি ওই এলাকায় ‘নিশানা’ দেখে আসেন। সংশ্লিষ্ট কর্মচারীরা তাঁকে জানিয়েছেন, নিশানা চুরি হয়ে গিয়েছিল। তিনি নতুন করে নিশানা লাগাতে নির্দেশ দিয়েছিলেন এবং সে মাফিক তা লাগানোও হয়েছিল। তিনি শুনেছেন, বিপাশা নদীর খুব কিনারা দিয়ে চলছিল। এ জন্যই কার্গোর সঙ্গে ধাক্কা লাগে।প্রতিবেদনে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌপথ সংরক্ষণ বিভাগ একই কর্তৃপক্ষের টাইমটেবিল সেকশনকে আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, রাতে ওই পথে নৌযান চলাচল করতে পারবে না। কিন্তু ওই সেকশন থেকে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তা যদি হতো তবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। প্রতিবেদনে বিআইডব্লিউটিএর এই দুটি সংস্থার মধ্যে সমন্বয় সাধনের সুপারিশ করা হয়েছে।