কার্টুন-খেলনায় সেজেছে বার্ন ইউনিটে শিশুদের আইসিইউ
ঘরের ভেতরে আছে ডোরেমন, কিটি, মিকি মাউস, টম অ্যান্ড জেরি। দেয়ালে গাড়ি ও অন্যান্য জিনিসের ছবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দোতলায় ভর্তি থাকা শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং হাই ডিপেনডেন্সি ইউনিটটি শিশুদের পছন্দের এসব ছবি দিয়ে সাজানো হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে যেসব শিশুর আইসিইউ সেবা প্রয়োজন হবে, তারা এখানে সেবা পাবে।
আজ সোমবার এই আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। আইসিইউ তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
আইসিইউ উদ্বোধনের আগে কুতুবউদ্দিন আহমেদ ইউনিটের চতুর্থ তলায় চিকিৎসারত শিশুদের একটি ইউনিট ঘুরে দেখেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানকার চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন এবং সেবা দিচ্ছেন। আমরা এখানকার পরিবেশ উন্নয়নে এগিয়ে আসতে পারি। আর ভালো কিছু করতে চাইলে বা মানবসেবা করতে চাইলে অসহায় মানুষদের জন্য পরিচালিত এই ধরনের জায়গায় সহায়তা করা প্রয়োজন।’ তিনি সব বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এ ধরনের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
আপাতত আইসিইউটি ১০-১২টি শয্যা নিয়ে যাত্রা শুরু করছে। আইসিইউর ভেতরে গিজারসহ ড্রেসিং রুম আছে। ফ্রিজসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তবে আইসিইউর ভেতরে ২০টির মতো শয্যায় সেবা দেওয়া সম্ভব বলে সেখানে কর্মরত চিকিৎসকেরা জানালেন।
কুতুবউদ্দিন আহমেদ আইসিইউতে শয্যা বাড়ানোসহ শিশুদের ইউনিটগুলোরও মানোন্নয়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘শিশুরা বার্ন ইউনিটে ঢুকলে সব জায়গায় একই মানের সেবা পাবে। এ ছাড়া চিকিৎসা শেষে শিশুরা যাতে বিশেষ উপহার পায়, তারও ব্যবস্থা করা হবে।’ আর শুধু একবার আইসিইউ তৈরি করে দিয়েই তিনি তাঁর দায়িত্ব শেষ করবেন না, ভবিষ্যতে যত ধরনের সহায়তা প্রয়োজন, তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন বলেন, ‘অনেকেরই টাকা থাকে। তবে সবাই এ ধরনের কাজে এগিয়ে আসে না। কুতুবউদ্দিন আহমেদের কাছে গিয়ে একবার শুধু বলেছিলাম। তিনি এগিয়ে এসেছেন। তাঁর মতো মানুষদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন।’
বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জন অধ্যাপক সাজ্জাদ খন্দকারসহ অন্য চিকিৎসকেরা জানালেন, বার্ন ইউনিটে গড়ে ১৫০ শিশু (১২ বছরের) ভর্তি থাকে। এর মধ্যে ৩০ থেকে ৪০ জন শিশুর অবস্থা খারাপ থাকে। এদের বিশেষ পরিচর্যা প্রয়োজন হয়।