কার্টুনিস্ট আহমেদ কবিরকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের
কারাবন্দী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে দ্রুত মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে উল্লেখ করে গত বুধবার এক যৌথ বিবৃতিতে বিশেষজ্ঞরা এ আহ্বান জানান।
বিবৃতি দেওয়া জাতিসংঘের ওই বিশেষজ্ঞরা হলেন জাতিসংঘের সাংস্কৃতিক অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কারিমা বেনুন, মত ও বাক্স্বাধীনতাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার আইরিন খান এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার লালেং মোফোকেং।
দেশে করোনা মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগগুলোকে বিদ্রূপ করে গত মার্চ ও এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লাইফ ইন দ্য টাইম অব করোনা’ শীর্ষক কার্টুন সিরিজ প্রকাশ করেন কিশোর। এরপর মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় তাঁর বিরুদ্ধে করোনা মোকাবিলা নিয়ে মিথ্যা সংবাদ ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।
বিবৃতিতে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছেন, ‘রাজনৈতিক বিদ্রূপ বা কার্টুনের মাধ্যমে সরকারের নীতির সমালোচনা করা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের আওতায় অনুমোদিত। এ ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়।’
আন্তর্জাতিক আইনের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের অসংগতি এবং এটি ব্যবহার করে কণ্ঠরোধ করার বিষয়ে বারবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আদালতের শুনানিতে এখন পর্যন্ত পাঁচবার কিশোরের জামিন আবেদন নাকচ করা হয়েছে এবং পরবর্তী শুনানির কোনো তারিখও নির্ধারণ করা হয়নি। কিশোরের ডায়াবেটিস থাকায় নিয়মিত তাঁকে ইনসুলিন নিতে হয় এবং তিনি করোনা জটিলতার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা বলেছেন, ‘করোনার সময়ে বিশ্বের কারাগারগুলোতে থাকা বন্দীদের মধ্যে যাঁদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টের মতো দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, তাঁদের করোনায় ক্ষতির ঝুঁকি বা মৃত্যুঝুঁকি বেশি। কারাগারে করোনা ঝুঁকির কারণে বাংলাদেশ কর্তৃপক্ষ হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে এবং কিশোরের জামিন আবেদন নাকচ করার কোনো ন্যায়সংগত কারণ আছে বলেও মনে হচ্ছে না।’
কিশোরের শারীরিক অবস্থার আরও অবনতি যাতে না হয়, সেই প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা।