কার্টুনিস্ট কিশোরের শরীরে আঘাতের চিহ্ন পায়নি মেডিকেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
ফাইল ছবি

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর শরীরে আঘাতের চিহ্ন পায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড।


আদালতের নির্দেশনা মোতাবেক গত ২০ মার্চ ঢাকা মেডিকেল কলেজের নাক-কান-গলা (ইএনটি) রোগ বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ (রুমী), অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ফখরুল আমিন খান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. হাফিজ সরদার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি  প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে তাঁরা নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রোববার প্রথম আলোকে বলেন, ‘এখন কোর্ট বন্ধ আছে। কোর্ট খুললে, বিষয়টি ভালোভাবে দেখে ও মক্কেলের সঙ্গে আলোচনা করে বলতে পারব।’

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে আহমেদ কবির কিশোর তাঁর ওপর নির্যাতনের অভিযোগ এনে গত ১০ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। কিশোর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এম ইমরুল কায়েসকে কান–পা ও শরীরে আঘাত পেয়েছেন বলে জানালে আদালত গত ১৪ মার্চ সেগুলো পরীক্ষা করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালককে নির্দেশ দেন।

ওই কমিটিতে নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ও মেডিসিন বিশেষজ্ঞ রাখতে বলা হয়। কিশোর যেসব নির্যাতনের অভিযোগ করেছেন, সেগুলো কত সময়ের ব্যবধানে হয়েছে, সম্ভব হলে তা প্রতিবেদনে উল্লেখ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া কিশোরের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়।


রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের কাছে কিশোরের মেডিকেল প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে মেডিকেল প্রতিবেদন দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড পরীক্ষা–নিরীক্ষা করে কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। তবে তাঁর কানে একটি আর্টিফিশিয়াল ডিভাইস লাগানো পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

গত বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর গ্রেপ্তার হন। কিশোরের করা মামলায় বলা হয়, গত বছরের ২ মে বিকেল ৫টা ৪৫ মিনিটে সাদাপোশাকের ১৬–১৭ জন ব্যক্তি বাসা থেকে তাঁকে মুখোশ পরিয়ে হাতকড়া লাগিয়ে নির্জন অচেনা জায়গায় নিয়ে যায়। এরপর ২ মে থেকে ৩ মে পর্যন্ত তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

মামলার অভিযোগে কিশোর বলেন, ‘প্রজেক্টরের মাধ্যমে আমার কিছু কার্টুন দেখিয়ে সেগুলো আঁকার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে আমার কানে প্রচণ্ড জোরে আঘাত করা হয়। এরপর আমি বোধশক্তি হারিয়ে ফেলি। বুঝতে পারছিলাম আমার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর স্টিলের পাতের লাঠি দিয়ে আমার হাঁটুতে আঘাত করা হয়। যন্ত্রণা ও ব্যথায় সংজ্ঞাহীন হয়ে পড়ি আমি। এভাবে ২ মে থেকে ৪ মে পর্যন্ত আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।’

কিশোর আরও উল্লেখ করেন, ‘পরে আমি নিজেকে র‌্যাব কার্যালয়ে দেখতে পাই। সেখানে লেখক মুশতাক আহমেদের সঙ্গে আমার দেখা হয়। মুশতাক বলেছিলেন, তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। এরপর গত বছরের ৬ মে আমাদের রমনা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ, কান দিয়ে পুঁজ পড়ছে, হাঁটতে পারি না।’

ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছর মে মাসে আটক হওয়া লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে ছিলেন। গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মুশতাক আহমেদের বিরুদ্ধে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক কার্টুনের ক্যাপশন দেওয়া এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে মামলা করা হয়েছিল।