কার্ড জালিয়াত ও সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কার্ড জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নূরে আলম সিদ্দিকী নামের ওই যুবক কার্ড জাল করে অন্যের অ্যাকাউন্টের টাকা তুলে নিতেন। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া একই দিন অন্য এক অভিযানে দুটি পিস্তল ও গুলিসহ ডাকাত শহীদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। এঁরা হলেন ফারুক হোসেন ও মো. জনি। ফারুক ও জনির বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।গতকাল শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার তিনজনকেই সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির একটি দল রাজধানীর নয়াপল্টন থেকে নূরে আলমকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১৫টি ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। তাঁর কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫টি সিলও পেয়েছে পুলিশ। স্বাক্ষর জাল করে ও তথ্যপ্রযুক্তির কায়দা কাজে লাগিয়ে নূরে আলম বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে কার্ডের মাধ্যমে টাকা উঠিয়ে নিয়েছেন বলে জানতে পেরেছে ডিবি।ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংক থেকে টাকা তোলা বা পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যায়। অ্যাকাউন্টে টাকা থাকলে ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। আর রাজধানী ও দেশের বড় শহরগুলোর অনেক দোকান ও বিপণিবিতানে এখন ক্রেডিট কার্ড দিয়ে দাম দেওয়া যায়। ক্রেডিট কার্ডের খরচের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহকের ঋণের খাতায় যোগ হয়।সংবাদ সম্মেলনে নূরে আলম সাংবাদিকদের জানান, কারও ক্রেডিট কার্ডের নম্বর জানতে পারলেই তিনি বিশেষ যন্ত্রের মাধ্যমে অন্য কার্ডে তা ব্যবহার করতে পারতেন। লোকের সঙ্গে সখ্য গড়ে তুলে তাদের কার্ডের পিন নম্বর জেনে এবং স্বাক্ষর জাল করেও টাকা তুলে নিতেন।অন্য এক অভিযানে গত বৃহস্পতিবার দয়াগঞ্জের করাতিটোলা এলাকা থেকে ডাকাত শহীদের সহযোগী ফারুক ও জনিকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দয়াগঞ্জ করাতিটোলা রেললাইনের পাশ থেকে প্রথমে ফারুককে গ্রেপ্তার করে। এরপর তাঁর কাছ থেকে তথ্য নিয়ে গ্রেপ্তার করা হয় জনিকে। তাঁদের সঙ্গে নিয়ে পুলিশ ভোরে দয়াগঞ্জ বাজার প্রাথমিক বিদ্যালয়ের পাশের মসজিদে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করে। সেখানে একটি পলিথিনের ব্যাগে দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও চারটি ম্যাগাজিন ছিল।গ্রেপ্তার ফারুক জানান, ২০০৭ সালে তিনি ডাকাত শহীদের দলে যোগ দিয়ে চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ব্যবসা ও ছিনতাই শুরু করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুুল কাশেম জানান, বেশ কিছুদিন ধরেই পুলিশ ফারুককে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন। ফারুকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। জনি তাঁর সহযোগী। তাঁর বিরুদ্ধেও মামলা রয়েছে।