কার্ড জালিয়াত চক্র শনাক্ত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু এটিএম কার্ড নয়, পয়েন্টস অব সেল (পিওএস) যন্ত্র জালিয়াতি করে দেশি-বিদেশিদের টাকা তুলে নেওয়ার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ।
পুলিশ বলেছে, এই চক্রে ব্যাংক কর্মকর্তা, বিদেশি নাগরিক, লন্ডনপ্রবাসী বাংলাদেশি, আবাসিক হোটেল, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সির মালিকও রয়েছেন।
তবে এ ঘটনায় গ্রেপ্তার করা বিদেশি নাগরিক পিওতর সিজোফেন মুজারেক এবং একটি ট্রাভেল এজেন্সির কর্মচারী ১৬৪ ধারার জবানবন্দিতে গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবিরের সঙ্গে সন্দেহভাজন দুজনের সখ্যের কথা বলেছেন। তবে সম্প্রতি বদলি হয়ে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে কর্মরত ফিরোজ কবির গত রোববার প্রথম আলোর কাছে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও পল্লবীর কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জেনে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় বনানী থানায় দুটি ও পল্লবী থানায় করা একটি মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি কার্ড জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততা পেয়ে ২২ ফেব্রুয়ারি জার্মানির নাগরিক পিওতর ও সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে। পরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হুমায়ুন কবির ও একটি ব্যাংকের কার্ড বিভাগের সাবেক কর্মকর্তা সাইফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।
কার্ড জালিয়াতির রেশ কাটতে না-কাটতেই গুলশান ও উত্তরায় দুটি আবাসিক হোটেলে স্থাপিত সিটি ব্যাংকের পিওএস যন্ত্রে কারসাজি করে টাকা তোলার অভিযোগে গুলশান থানায় দুটি মামলা হয়। এর মধ্যে উত্তরার হোটেল কমফোর্ট ইন-এর মালিক আবদুল হাসনাতের বিরুদ্ধে ১ মার্চ এবং গুলশানের হোটেল সিলভার উইন্ডোর মালিক বিশ্বাস এ মালেক ও ব্যবস্থাপক শামীম হাসানের বিরুদ্ধে ২ মার্চ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এ দুটি মামলাও তদন্ত করছে ডিবি। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পিওতর ও খান এয়ার ট্রাভেলসের কর্মচারী আবু জাফরের যোগসাজশে পিওএস যন্ত্রে কার্ড জালিয়াতি করে ওই টাকা তোলা হয়। আবু জাফর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাগারে আছেন। এই দুই মামলায় পিওতরকে রিমান্ডে নিতে আবেদন করা হবে।
কার্ড ও পিওএস যন্ত্রে জালিয়াতির অভিযোগে করা মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, এই জালিয়াতির পুরো চক্র শনাক্ত করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। হোটেল কমফোর্ট ইন-এর মালিককে ডিবি কার্যালয়ে আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে।
মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-সাইবার ক্রাইম) মো. শাহজাহান বলেন, পিওতর ও আবু জাফর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এবং গ্রেপ্তার করা অন্য পাঁচজন ডিবির জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা এটিএম কার্ড এবং পিওএস যন্ত্র জালিয়াতি করে দেশি-বিদেশিদের বিপুল টাকা তুলেছেন। এর মধ্যে পিওএস যন্ত্র জালিয়াতি করে একবারেই তুলেছেন ২৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি ২১ লাখ ৬০ হাজার টাকা)। ব্যাংক কর্মকর্তাসহ বেশ কয়েক ব্যক্তি এই জালিয়াতিতে জড়িত বলে তাঁরা তথ্য দিয়েছেন। এর সত্যতা পাওয়া গেলে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পুলিশ পরিদর্শক ফিরোজ কবির এতে জড়িত কি না, এ প্রশ্নে তিনি বলেন, প্রাপ্ত তথ্যের সত্যতা পাওয়া গেলে ফিরোজ কবিরকেও আইনের আওতায় নেওয়া হবে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জালিয়াতিতে দেশীয় চক্রকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রি ও রোমানিয়ার নাগরিক রোমিও। চক্রের সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফরিদ নাবির গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন। ৩১ জানুয়ারি আসেন অ্যান্ড্রি ও রোমিও। এটিএম কার্ড জালিয়াতির পর ১৩ ফেব্রুয়ারি রোমিও ও পরদিন অ্যান্ড্রি বাংলাদেশ ছাড়েন।
ডিবির এডিসি শাহজাহান বলেন, জালিয়াতিতে জড়িত ফরিদ নাবিরসহ দুই প্রবাসীকে আইনের আওতায় আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রোমিও, অ্যান্ড্রি এবং বুলগেরিয়ার আরেক নাগরিককে আইনের আওতায় নিতে ওই দুটি দেশের দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, মানি এক্সচেঞ্জের মালিক হুমায়ুন কবিরের কাছ থেকে রোমিও ২৮ লাখ টাকা দিয়ে সমমূল্যের মার্কিন ডলার নিয়েছেন। এ ছাড়া পিওতরের টাকা ডলার করে চীনে পাঠাতে সহায়তা করেন। সাইফুজ্জামানের সঙ্গে পিওতরের সম্পর্ক রয়েছে।
ডিবির সূত্র বলেছে, পিওতর আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ফরিদ নাবির তাঁকে কার্ড জালিয়াতিতে উদ্বুদ্ধ করেন। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ফরিদের সঙ্গে তিনি ঢাকায় আসেন। ফরিদের ঘনিষ্ঠ ও খান এয়ার ট্রাভেলসের পরিচালক তৌহিদ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি তৌহিদের সঙ্গে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন। তৌহিদ তাঁকে কার্ড জালিয়াতিতে বাধ্য করেন। তৌহিদের কর্মচারী আবু জাফর তাঁকে পিওএস যন্ত্র এনে দেন। তৌহিদের সঙ্গে গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবিরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফিরোজও তাঁকে কিছু পিওএস যন্ত্র এনে দেন। খান এয়ার ট্রাভেলসে স্থাপিত পিওএস যন্ত্রে কার্ড জালিয়াতি করে তাঁরা ২০-৩০ লাখ টাকা তোলেন।
সূত্র বলেছে, আবু জাফর জবানবন্দিতে বলেন, একদিন অপরিচিত কয়েকজন লোক ব্যাগে করে তৌহিদ খানের অফিসে পিওএস যন্ত্র নিয়ে যান। পরে তিনি (জাফর) ব্যাগ খুলে যন্ত্রটি দেখেন। তৌহিদ খানের কাছে একজন পুলিশ কর্মকর্তা মাঝেমধ্যে আসতেন।
যোগাযোগ করা হলে রোববার পুলিশ পরিদর্শক ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, তিনি গুলশান থানায় কর্মরত থাকাকালে পিওতরের স্ত্রী তাঁর স্বামীকে তুলে নেওয়া হয়েছে বলে থানায় জিডি করতে এসেছিলেন। ওই জিডি না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পিওতর জবানবন্দিতে তাঁর কথা বলেছেন। পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সন্তান হিসেবে তৌহিদের সঙ্গে তাঁর পরিচয় ছিল। ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের পর পিওতরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তবে ফরিদ নাবিরকে তিনি চেনেন না।