ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি করে টাকা তোলার ঘটনার সঙ্গে ট্রাভেল এজেন্সি, হোটেল ব্যবসায়ী, কয়েকটি ব্যাংকের কার্ড শাখার কর্মী এবং এক শ্রেণির প্রতারক জড়িত বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রাথমিক তথ্য পেয়েছে। কার্ড জালিয়াতির ঘটনায় রিমান্ডে থাকা এক বিদেশি নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পেয়েছে ডিবি।
ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রোববার রাজধানীর গুলশান থেকে বিদেশি নাগরিক পিওতর সিজোফেনকে গ্রেপ্তার করে ডিবি। পরে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ছিল রিমান্ডের তৃতীয় দিন।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোড মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পিওতর ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তা এটিএম ও ডেবিট কার্ড জালিয়াতির বিষয়ে মুখ খুলেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা ডিবিকে বলেন, কার্ড জালিয়াতির সঙ্গে কয়েকটি ব্যাংকের কার্ড শাখার কর্মী, ট্রাভেল এজেন্সি, আবাসিক হোটেল ব্যবসায়ী এবং এক শ্রেণির প্রতারক চক্র জড়িত। এ চক্রে আছেন দুই লন্ডনপ্রবাসী এবং ইতালি, রোমানিয়া, বুলগেরিয়া ও ইউক্রেনের কয়েকজন নাগরিক। জালিয়াতির ঘটনায় নাম এসেছে এমন ব্যক্তিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তাঁদের নজরদারি করা হচ্ছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, রিমান্ডে থাকা চারজনের তথ্য যাচাই-বাছাই করতে বাংলাদেশ ব্যাংকসহ অন্য ব্যাংকের কার্ড-সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে। এরপর জালিয়াতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনার আগে লন্ডনপ্রবাসী দুই যুবক ঢাকায় এসেছিলেন। ঘটনা জানাজানির পর তাঁরা দেশ ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, বিদেশি জালিয়াতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।
ডিবির এই কর্মকর্তা বলেন, ২০১০ সালে লন্ডন থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকায় পিওতরের জালিয়াতি নিয়ে প্রতিবেদন ছাপা হয়। ওই দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকার চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি থেকে এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটানো হলেও ১২ ফেব্রুয়ারি তা জানাজানি হয়। ওই দিন ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।