কার্ড বরাদ্দে বৈষম্যের অভিযোগ
নড়াইলে উপজেলাভিত্তিক অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কার্ড বরাদ্দে বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চেয়ে লোহাগড়া ও কালিয়া উপজেলায় দরিদ্রদের জন্য কর্মসংস্থান কার্ড দ্বিগুণেরও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেছেন।এ অবস্থায় সদর উপজেলার জনসংখ্যা ও দরিদ্রের সংখ্যা পুনর্বিবেচনা করে কর্মসংস্থান কর্মসূচির কার্ড বাড়ানোর জন্য ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৫ অক্টোবর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।সদরের ইউএনও নারগিস মুরশিদা জানান, ২০০৯ সালে প্রকাশিত দারিদ্র্যের মানচিত্র অনুযায়ী প্রতি উপজেলায় দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কার্ড বরাদ্দ করা হয়েছে। সে অনুপাতে ত্রাণ অধিদপ্তর চলতি ২০১০-২০১১ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের কাজের প্রথম পর্যায়ে সদরে ৬৬৮, লোহাগড়ায় দুই হাজার ২০২ এবং কালিয়া উপজেলায় এক হাজার ১৮৮টি কার্ড বরাদ্দ দেয়।জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, সদরে জনসংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৪২৩, লোহাগড়ায় দুই লাখ ২১ হাজার ও কালিয়া উপজেলায় দুই লাখ আট হাজার ২৪ জন।ইউএনও নারগিস সুলতানা আরও জানান, জনসংখ্যা অনুপাতে কার্ড বরাদ্দের সংখ্যা সদর উপজেলায় কম হওয়ায় ৫ অক্টোবর উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় অসন্তোষ প্রকাশ করা হয়। বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় ও ত্রাণ অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মুলিয়া ইউপির বিপুল সিকদার, কলোড়া ইউপির আশীষ বিশ্বাস ও ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে সদর উপজেলার ভোটারসহ জনসংখ্যাও বেশি। কে বা কারা, কোন প্রতিষ্ঠান কীভাবে এই দারিদ্র্যের মানচিত্র তৈরি করেছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, নড়াইলে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কার্ড ত্রাণ অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কিসের ভিত্তিতে কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে, এ-সংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত জেলা প্রশাসনে নেই।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ কর্মসূচি পরিচালনা বিভাগের পরিচালক বাসুদেব আচার্য বলেন, দারিদ্র্যের মানচিত্রের ভিত্তিতে কার্ড বরাদ্দ দেওয়া হয়। পরিসংখ্যান ব্যুরো, মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের একটি কমিটি এই মানচিত্র তৈরি করে।