কার্ড বিতরণ শেষ হয়নি, প্রথম দিনে চাল পেল ২০টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পাবনার ঈশ্বরদী উপজেলায় উপকারভোগী পরিবারের মধ্যে গতকাল শুক্রবার ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। এদিন উপজেলার সাত ইউনিয়নের তালিকাভুক্ত ১২ হাজার ২৪৬টি পরিবারের মধ্যে চাল পেয়েছে মাত্র ২০টি পরিবার।

কার্ড হাতে না পাওয়ায় ঈদুল আজহার আগে বেশির ভাগ উপকারভোগী পরিবার চাল পাবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।  

গত বুধবার কুড়িগ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে চাল দিচ্ছে সরকার। গতকাল সকালে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া স্কুলমাঠে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় তিন মাস আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) উপকারভোগীদের তালিকা তৈরি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠায়। কিন্তু যথাযথ সময়ে কার্ড তৈরি হয়নি। ফলে চাল বিতরণেও দেরি হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এসব কার্ড ইউনিয়ন পরিষদে পাঠানো শুরু হয়েছে। এরপর এসব কার্ড পরিবারগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছে।

সাঁড়া ইউপির চেয়ারম্যান রানা সরদার গতকাল বলেন, ‘এক মাস আগেই আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু দেরিতে কার্ড পাওয়ায় এখন হিমশিম খেতে হচ্ছে। ঈদের মাত্র কয়েক দিন বাকি। এ অবস্থায় ১ হাজার ২০০ কার্ড বিতরণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাকি পাঁচটি ইউনিয়নে একই অবস্থা। এখন পর্যন্ত সেখানে কার্ড বিতরণ সম্পন্ন হয়নি। তবে কার্ড ও চাল বিতরণ চলবে। ঈদের আগে হয়তো সবাই চাল পাবে না।’  

পাকশী ইউপির চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে হতদরিদ্রদের নামের তালিকা উপজেলায় পাঠানো হয়েছে। গতকাল কার্ড এসেছে। তবে ঈদের আগে দুস্থদের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা কঠিন হবে। এ ইউনিয়নে কারা ডিলার হিসেবে পেয়েছে, তা–ও জানি না।’

যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ঠিকই। কিন্তু উদ্বোধন আর মন্ত্রণালয়ের নির্দেশ এক বিষয় নয়। উপজেলার সাত ইউনিয়নে ১৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি আসেনি। কত টাকায় বিক্রি করে কত টাকা জমা নেওয়া হবে, তা–ও জানানো হয়নি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে। ফলে চাল বিতরণে দেরি হচ্ছে।’