কার্ড বিতরণে অনিয়মের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় দরিদ্রদের জন্য ১০ টাকা কেজির চাল বিক্রির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃত্যুঞ্জয় রায় বর্মণ বাদী হয়ে সরকাির সম্পদ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে থানায় ওই মামলা করেন।
‘ডোমার ও ভূরুঙ্গামারীতে কার্ড বিতরণে অনিয়ম’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
মৃত্যুঞ্জয় রায় বলেন, ওই মামলায় আসািম করা হয়েছে ১০ টাকা কেজি দরের চালের কার্ডধারী হরিণচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের রশিদুল ইসলাম, একই গ্রামের বনমালী রায়, হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহসান হাবীব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা সরেজমিনে কার্ড বিতরণে অনিয়মের সত্যতা পান। পরে রাতে ওই মামলা করেন মৃত্যুঞ্জয় রায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মামলাটি করেন মৃত্যুঞ্জয়। মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এটির পরবর্তী তদন্ত দুদক করবে।
এ ব্যাপারে ইউএনও সাবিহা সুলতানা বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি আমাকে দেখতে বলা হয়েছে। আমি শালমারা গ্রামে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলাও হয়েছে।’