
গাজীপুরের সালনায় সালনা অরচার্ডে বেড়াতে গিয়েই ফুলটি প্রথম দেখি। প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকলে একটি লম্বালম্বি ফুলের কেয়ারি। তাতে শতদলপদ্ম, সুগন্ধি গুলঞ্চচাঁপা, বিচিত্র ঘাসফুল আর মালতীর ঝাড়। আরেক পাশে কার্ডওয়েল লিলি সুদর্শন পাতা ও ফুল নিয়ে নিজেকে সাজিয়ে রেখেছে। দেখতে কিছুটা সাদামাটা হলেও একধরনের আকর্ষণ আছে। এই আকর্ষণ গাছটির ব্যতিক্রমী গড়নের জন্যও হতে পারে। আমাদের দেশে আগে অন্য কোনো বাগানে দেখেছি বলেও মনে হলো না। কিন্তু ফুলটির সাদামাটা রূপের কারণে প্রথম দেখায় কিছুটা চেনা চেনাও মনে হতে পারে। আমেরিকার ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়ে লিলিপুলের পাশে এদের আস্ত একটা ঝাড় দেখেছি। তবে ফুলগুলোর গড়নে কিছুটা ভিন্নতা আছে। তখনো অবশ্য নামটি জানা হয়নি। পরে স্থপতি মুশতাক কাদরীর সহযোগিতায় নামটি জানা হলো। কিন্তু এখানে প্রচলিত কোনো বাংলা নাম নেই।
কার্ডওয়েল লিলি দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার গাছ। পৃথিবীর বিভিন্ন উষ্ণ অঞ্চলে আকর্ষণীয় কন্দজ ফুল হিসেবে সুপরিচিত। এরা মূলত বৃষ্টিবহুল বন ও সাগরপারের বাসিন্দা। ইংরেজিতে Brisbane Lily বা Northern Christmas Lily নামেও পরিচিত। কার্ডওয়েল লিলি (Proiphys amboinensis) বহুবর্ষজীবী কন্দজগাছ। বড় আকৃতির পাতাগুলো লম্বায় ২৫ সেন্টিমিটার এবং চওড়ায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দেখতে অনেকটা কিডনি আকৃতির, কিনারা ওপরের দিকে মোড়ানো এবং সুস্পষ্ট শিরাযুক্ত। কাণ্ড ১৫ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। সাদা রঙের ফুলগুলো ফোটে গ্রীষ্মে, অন্তত ১৮টি ফুলের একটি বড় থোকা থাকে। প্রতিটি একক ফুলের পাপড়ির সংখ্যা ৬, হলদেটে পরাগকেশর অনেকটাই দৃশ্যমান। ফুল দীর্ঘস্থায়ী। সাধারণত শীতের আগেই রিক্ত মঞ্জরিদণ্ড নিজের দীনতা জানান দিতে শুরু করে। তারপর হিমেল বাতাসের স্পর্শে ধীরে ধীরে ধড়টা শুকিয়ে ওরা মাটির গভীরে শীতঘুমে চলে যায়। বৈজ্ঞানিক নামের শেষাংশ ইন্দোনেশিয়ার এমবিওনা দ্বীপের স্মারক। ফুল দীর্ঘস্থায়ী হওয়ায় সব ধরনের বাগানেই শোভা বৃদ্ধির জন্য রোপণ করা যেতে পারে। টবেও চাষযোগ্য। বাড়ির লনে বেশ মানানসই।