কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী (ডানে) ও কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। ছবি: সাজিদ হোসেন
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী (ডানে) ও কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। ছবি: সাজিদ হোসেন

কার্ডিনাল মনোনীত হওয়ায় ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়। আজ শুক্রবার কাকরাইলের সেন্ট মেরী’স ক্যাথিড্রালে ‘মানপত্র পাঠ’ ও ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনিই বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী কার্ডিনাল মনোনীত হওয়ায় প্যাট্রিক ডি রোজারিওকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গর্ব করি। মাঝেমধ্যে কিছু লোক এটা নষ্ট করার চেষ্টা করে।’
কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, পোপ ফ্রান্সিস বাংলাদেশ থেকে কার্ডিনাল মনোনীত করে দেশকে বিশ্বের কাছে সম্মানিত করেছেন। বিশ্ব এখন বাংলাদেশের কার্ডিনালের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের ও জাতি গোত্রের সহাবস্থান জানতে ও বুঝতে পারবে। তিনি বলেন, কার্ডিনাল কোনো ব্যক্তির অর্জন নয়। এটা গোটা দেশের অর্জন।
কার্ডিনালদের বলা হয় ভ্যাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কারণ, কার্ডিনালদের মধ্য থেকেই ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু পোপ নির্বাচিত হন। কার্ডিনালরাই পোপ নির্বাচন করেন। ভ্যাটিকান রাষ্ট্রের আইন অনুযায়ী, অনূর্ধ্ব ৮০ বছর বয়সী কার্ডিনালরাই শুধু নতুন পোপ নির্বাচনে ভোট দিতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ভবিষ্যতে পোপ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। এমনকি তিনি পোপ নির্বাচনে প্রার্থীও হতে পারবেন। বর্তমানে তাঁর বয়স ৭৩ বছর ৩ মাস।

আগামীকাল শনিবার সকাল নয়টায় নবনিযুক্ত কার্ডিনাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, কলকাতার আর্চবিশপ টমাস ডি সুজা, আগরতলার বিশপ লোমেন, বরইপুরের বিশপ সালবাদোর লভোসহ অনুষ্ঠানে ধর্মযাজক ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।