কার্ডিয়াক সার্জন নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে হূদেরাগের শল্যচিকিৎসক বা কার্ডিয়াক সার্জনের অভাব রয়েছে। এ নিয়ে জাতীয় সংসদে অসহায়ত্ব প্রকাশ করলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অবসরজনিত কারণে এবং সরকারি চাকরি ছেড়ে বেসরকারি হাসপাতালে কাজ করায় অভিজ্ঞ কার্ডিয়াক সার্জনের কিছুটা অভাব রয়েছে। আর অভিজ্ঞতা অর্জনে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রয়োজন বিধায় কার্ডিয়াক সার্জনের শূন্যতা দ্রুত পূরণ করাও সম্ভব নয়।’স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ইমাজউদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য আছে। শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। সারাহ্ বেগম কবরীর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালনা এবং নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতরের দুটি ও বিভাগীয় এবং জেলা পর্যায়ে একটি করে কমিটি রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান ফকির বলেন, দেশে আর্মস ফোর্সেস মেডিকেল কলেজসহ মোট ১৯টি সরকারি মেডিকেল কলেজ থেকে প্রতিবছর গড়ে এক হাজার ৯৭৩ জন এবং সরকারি তিনটি ডেন্টাল কলেজ (দুটি ডেন্টাল ইউনিটসহ) থেকে প্রতিবছর গড়ে ১৬৮ জন চিকিৎসক সরকারিভাবে পাস করে বের হন। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকারি হাসপাতালের জন্য পাঁচ হাজার নার্সের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে ১৪ হাজার ৯১১ জন নার্স কর্মরত রয়েছেন। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে সিসিইউ ও আইসিইউ খোলা এবং শয্যাসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। শাহজাহান মিয়ার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও বিপণনে সরকারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।’