কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠায় হাসপাতালকে সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, শিশুদের মধ্যে হূদেরাগের ঝুঁকি বাড়ছে। তাই শিশু হাসপাতালে শিগগিরই কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেবে। গতকাল শুক্রবার রাজধানীর শিশু হাসপাতাল চত্বরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও বিজয় দিবস-২০১০ উদ্যাপনের সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। গত বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই মিলনমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হূদেরাগের কারণে শিশুমৃত্যুর হার কমাতে দেশে এ বিষয়ে আরও দক্ষ চিকিৎসক প্রয়োজন। আর চিকিৎসক গড়ে তোলার কাজটি করতে পারে শিশু হাসপাতাল। হাসপাতালে যদি কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হয় এবং সেখানকার চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তবে সরকার তার ব্যবস্থা করবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিশু হাসপাতালে ওয়েবসাইটের উদ্বোধন করেন। বক্তৃতার পর তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকাল আটটায় শিশু হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি অধ্যাপক মাহমুদুর রহমান এর উদ্বোধন করেন। শোভাযাত্রায় হাসপাতালের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জাতীয় অধ্যাপক এম আর খান, হাসপাতালের সাবেক পরিচালক এ আর খান, অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী, জ্যোৎস্না আরা বেগম ছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।পরে হাসপাতালের সাবেক শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তাদের অংশগ্রহণে হাসপাতালের বহির্বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। সেমিনারে শিশুদের বিভিন্ন রোগ, শিশু চিকিৎসার আধুনিকায়নের বিভিন্ন পদ্ধতি, দেশে শিশু চিকিৎসাব্যবস্থা ও বিদ্যমান সমস্যাসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। দুই দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় অনেক দিন পর পুরোনো বন্ধুদের পেয়ে হাসপাতাল চত্বরে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অনেকেই।