কার্ডিয়াক সার্জারির চিকিৎসক কাজ করছেন অন্য বিভাগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিয়াক ও ভাসকুলার সার্জারি বিভাগের শূন্যপদে কয়েকজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁদের অনেকেই কাজ করছেন অন্য বিভাগে। এমনিতে চিকিৎসক-সংকট, তার ওপর যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরাও বাইরে থাকায় কার্ডিয়াক বিভাগের কাজ ব্যাহত হচ্ছে।জানা গেছে, নতুন সৃষ্ট কার্ডিয়াক সার্জারি ও ভাসকুলার সার্জারি বিভাগের জন্য ৯০টি পদ অনুমোদন করা হয়। এর মধ্যে ৩২ জন চিকিৎসকের পদ রয়েছে। সম্প্রতি নতুন সৃষ্ট পদগুলোর বিপরীতে আট চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। কার্ডিয়াক সার্জারি বিভাগের অধীনে কার্ডিয়াক, ভাসকুলার সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগে তাঁদের নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে তিন চিকিৎসক এখানে নিয়োগ পেলেও কাজ করছেন চমেক হাসপাতালের অন্য বিভাগে। তাঁদের মধ্যে ভাসকুলার সার্জারির সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া রওশন কাজ করছেন প্রসূতি বিভাগে। এ ছাড়া একই বিভাগের রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া আহসান কাজ করছেন ক্যাজুয়ালটি বিভাগে এবং মেডিকেল কর্মকর্তা নূর মোহাম্মদ কাজ করছেন হূদেরাগ বিভাগে। জানা গেছে, জনবলের অভাবে পুরোপুরিভাবে চালু করা যাচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বতন্ত্র হূদেরাগ সার্জারি (কার্ডিয়াক সার্জারি) বিভাগ। যন্ত্রপাতি, শয্যা—সবকিছু থাকলেও প্রয়োজনীয় জনবল গত প্রায় দেড় বছরেও মেলেনি।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজনৈতিক তদবিরসহ নানা কারণে কয়েকজন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক অন্য বিভাগে কাজ করছেন। প্রসঙ্গত, গত নভেম্বর থেকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের সহায়তায় স্বল্প পরিসরে এখানে কাজ শুরু করা হলেও তা এখন বন্ধ রয়েছে। এ পর্যন্ত ২৭টি ছোট-বড় অস্ত্রোপচার হয়েছে।চমেক সূত্রে জানা গেছে, বিভাগটি পুরোপুরি সচল রাখতে প্রয়োজন অভিজ্ঞ জ্যেষ্ঠ চিকিৎসক। সার্জারি বিভাগের ওপরের পদগুলো পূরণ করা গেলে কাজ চালিয়ে নেওয়া সম্ভব। বর্তমানে একজন সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত সহযোগী অধ্যাপক হিসেবে বিভাগটির দায়িত্ব পালন করছেন। বর্তমানে পুরো বিভাগে কাগজে-কলমে ১০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। স্বল্প এই চিকিৎসক দিয়ে পুরোদমে কাজ চালানো সম্ভব হচ্ছে না।জানতে চাইলে বিভাগীয় প্রধান নাজমুল হোসেন বলেন, ‘আমাদের এখানে চিকিৎসক এখনো নিয়োগ হয়নি। যদি ১২-১৩ জন চিকিৎসক, বিশেষ করে সিনিয়র চিকিৎসক পাওয়া যায়, তাহলে নিয়মিত অস্ত্রোপচার সম্ভব। এ ছাড়া সেবিকা-সংকটও রয়েছে।’জানা গেছে, ৯০টি পদের মধ্যে ৩২ জন চিকিৎসক, ২০ জন টেকনিশিয়ান এবং অবশিষ্ট পদগুলো সেবিকার।