কার্পাসডাঙ্গায় নজরুল কমপ্লেক্স নির্মাণের দাবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় পর্যটনকেন্দ্রসহ নজরুল কমপ্লেক্স নির্মাণের দাবি উঠেছে। ১৯২৬ ও ১৯২৭ সালে কার্পাসডাঙ্গায় দীর্ঘ সময় অবস্থান করেন কাজী নজরুল ইসলাম।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভৈরব নদের তীরে কবির স্মৃতিঘেরা কার্পাসডাঙ্গা। নজরুলগবেষক এম ইব্রাহিমের মতে, কার্পাসডাঙ্গায় অবস্থানকালে কাজী নজরুল ভৈরবের পাড়ে বসে লেখালেখি করতেন। ভৈরব নদ আজ মৃতপ্রায়। যে আটচালা ঘরে কবি সপরিবারে থাকতেন, মাটি ও ছনের তৈরি সে ঘরটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়ির মালিক তত্কালীন নদীয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরিরা উদ্যোগ নিয়ে বাড়িটি অক্ষত রেখেছেন।১৯২৬ সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম কলকাতার আমহার্স্ট স্ট্রিট থেকে সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন এবং টানা দুই মাস অবস্থান করেন। এম ইব্রাহিমের মতে, সে সময় ভারতবর্ষে চলমান ব্রিটিশবিরোধী আন্দোলনের হাওয়া বইছিল কার্পাসডাঙ্গায়ও। সেই সময় কবি নজরুল গঠন করেছিলেন ‘শ্রমিক-প্রজা-কৃষক পার্টি’। মূলত স্বদেশি আন্দোলনের নেতাদের উত্সাহ দিতেই পার্টির পক্ষে কবি কার্পাসডাঙ্গায় আসেন।হর্ষপ্রিয় বিশ্বাসের দৌহিত্র বকুল বিশ্বাস জানান, শুধু নজরুলের স্মৃতি রক্ষার্থে এই আটচালা ঘরটি এখনো অক্ষত রাখা হয়েছে। ঘরটির পেছনে প্রতিবছর কমপক্ষে ২০ হাজার টাকা খরচ করা হয়। সরকার চাইলে যেকোনো ধরনের ত্যাগে তাঁরা রাজি আছেন। বিশ্বাস পরিবারের সদস্যরা তাঁদের জীবদ্দশায় এই বাড়িটিকে ঘিরে পর্যটনকেন্দ্রসহ নজরুল কমপ্লেক্স দেখে যেতে চান।কবির স্মৃতি ধরে রাখতে ১৯৯০ সালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে কবির জন্মবার্ষিকী উদ্যাপন ও নজরুল মেলা বসেছিল কার্পাসডাঙ্গায়। পরে সরকারি উদ্যোগ বন্ধ হয়ে গেলেও কার্পাসডাঙ্গায় নজরুল মঞ্চে স্থানীয় উদ্যোগে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে।নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান নজরুলের স্মৃতি রক্ষার্থে সব স্মারক যথাযথ সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানান।