কার্পাসডাঙ্গায় পর্যটনকেন্দ্রসহ নজরুল কমপ্লেক্স নির্মাণের দাবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে কার্পাসডাঙ্গার খ্রিষ্টানপাড়ায় দাঁড়িয়ে আছে মাটি ও ছনের তৈরি একটি আটচালা ঘর। ৯০ বছর ধরে বাড়িটি বহন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি।
নদীয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হর্ষপ্রিয় বিশ্বাসের এই বাড়িতে ১৯২৫-২৭ সাল পর্যন্ত বসবাস করেছেন কবি নজরুল। তাঁর প্রতি গভীর ভালোবাসায় হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরিরা নিজেদের ব্যক্তিগত খরচে আটচালা ঘরটি সংরক্ষণ করে রেখেছেন এত দিন। এখন সেখানে পর্যটনকেন্দ্রসহ নজরুল কমপ্লেক্স তৈরির দাবি উঠেছে।
হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরি দৌহিত্র প্রকৃতি বিশ্বাস জানান, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। এরপর থেকে কার্পাসডাঙ্গার এই বাড়িটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নজরুলের স্মৃতি রক্ষার্থে তাই আটচালা ঘরটি এখনো অক্ষত রাখা হয়েছে। ছনের এই ঘরটির পেছনে প্রতিবছর কমপক্ষে ৩০ হাজার টাকা খরচ করা হয়।
এদিকে কবির জন্মজয়ন্তীতে এ বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কার্পাসডাঙ্গায় ১০ দিনব্যাপী নজরুল মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ১৬ মে থেকে শুরু হয়ে আজ ২৫ মে শেষ হচ্ছে এই আয়োজন। উৎসব চলাকালে প্রতিদিনই নজরুলপ্রেমীদের পদচারণায় মুখরিত হচ্ছে হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়িটি। ১৬ মে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ওই বাড়িতে গিয়ে হর্ষপ্রিয় বিশ্বাসের উত্তরসূরি দৌহিত্র প্রকৃতি বিশ্বাসের সঙ্গে দেখা করেন।
ইকরাম আহমেদ বলেন, দাবির বিষয়টি তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে নজরুলজয়ন্তী পালনের উদ্যোগ নেবেন।
নজরুল গবেষক এম ইব্রাহিমের মতে, কবি যখন কার্পাসডাঙ্গায় এসেছিলেন, তখন ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন চলছিল। সে সময়ে কবি নজরুল গঠন করেছিলেন ‘শ্রমিক প্রজা কৃষক পার্টি’। মূলত স্বদেশি আন্দোলনের নেতাদের উৎসাহ দিতেই পার্টির পক্ষে কবি সপরিবারে কার্পাসডাঙ্গায় আসেন। ভৈরব পাড়ের কার্পাসডাঙ্গায় বসেই তিনি ‘মৃত্যুক্ষুধা’, ‘পদ্ম গোখরা’, ‘লিচুচোর’ কবিতাসহ অসংখ্য গান লিখেছিলেন।