
ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের গাইবান্ধার ৩২ কিলোমিটার অংশের অসংখ্য স্থানে কার্পেটিং উঠে খনাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার অংশ দক্ষিণে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে উত্তরে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত বিস্তৃত। ২০১৪ সালে মহাসড়কের গাইবান্ধার অংশ সংস্কারের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। এই টাকা দিয়ে মহাসড়কের ১০ কিলোমিটার অংশের পুরো কার্পেটিং উঠিয়ে তা ভরাট (লেভেল করে) করা হয় এবং ৩২ কিলোমিটার অংশ সম্পূর্ণ কার্পেটিং করা হয়। ওই বছরের মাঝামাঝি সময়ে এ সংস্কারকাজ শেষ হয়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সংস্কারের এক বছর যেতে না যেতেই অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে। বিশেষ করে সাদুল্যাপুরের ধাপেরহাট বাজার, মাদারপুর, মাদারহাট, বত্রিশ মাইল, খেজমতপুর, পলাশবাড়ী উপজেলার বিটিসি মোড়, মহেশপুর, কোমরপুর, গোবিন্দগঞ্জের কাটাখালী, বালুয়া এলাকায় মহাসড়কের অবস্থা খারাপ। এসব স্থানে কার্পেটিং উঠে গেছে। ইট, খোয়া, পাথর সরে গিয়ে খনাখন্দে পরিণত হয়েছে। কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের ছবি তোলার সময় সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকার চাকরিজীবী ফিরোজ খান বলেন, মহাসড়কের দুরবস্থার কারণে অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে যাতায়াত করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। যানবাহনের ঝাঁকুনিতে তাঁরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।
বত্রিশ মাইল এলাকার ব্যবসায়ী সোলায়মান সরকার বলেন, অধিকাংশ সময় দ্রুতগামী যানবাহন মহাসড়কের এই অংশ অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। গত দুই মাসে এই এলাকায় কয়েকটি দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। ১০ আগস্ট ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিনও এই এলাকায় দুর্ঘটনায় আহত হন। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
পলাশবাড়ীর মহেশপুর এলাকার বাসচালক মজনু মিয়া বলেন, বৃষ্টির দিনে মহাসড়কের বিধ্বস্ত অংশে পানি জমে থাকে। এসব জায়গায় কতটুকু গর্ত, গাড়ি চালানোর সময় তা বোঝা যায় না। ফলে সাবধানে গাড়ি চালানোর পরও দুর্ঘটনা ঘটছে। একই এলাকার ব্যবসায়ী মনজুরুল কাদির বলেন, ‘গত বছর ২৩ কোটি টাকা ব্যয়ে মহাসড়কটি কার্পেটিং করা হয় বলে শুনেছি। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এক বছর যেতে না যেতেই কার্পেটিং উঠে গর্তে পরিণত হয়েছে। এতে সরকারের অর্থ অপচয় হয়েছে। সংস্কারের জন্য সওজ বিভাগকে এলাকাবাসী বারবার তাগাদা দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। মহাসড়কের যানবাহন ধারণক্ষমতা সর্বোচ্চ ১২ মেট্রিক টন। কিন্তু প্রতিদিন ২০ থেকে ২৫ মেট্রিক টন মালামাল নিয়ে এ সড়কে যানবাহন চলাচল করে। ফলে মহাসড়কটি সংস্কারের পরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মহাসড়কের দুই পাশে উঁচু করে দোকানপাট নির্মাণ করায় সেখানকার পানি জমে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, প্রতিদিন হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কার করা দরকার। কিন্তু সওজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তা করা হচ্ছে না।