কার্পেটিং উঠে আবার খানাখন্দ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে চার দিন ও গত মঙ্গলবার রাতে বৃষ্টিতে কার্পেটিং উঠে গিয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বিভিন্ন স্থানে আবার খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলে যাতায়াতের একমাত্র এই সড়কে যানবাহনে যাতায়াত করতে গিয়ে ৩২ জেলার যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাস্টমস মোড় থেকে ভেড়ামারা উপজেলার বারমাইল পর্যন্ত কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। এর দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না করায় এ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এ নিয়ে প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর সরকার এটি সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে এ সড়কের প্রায় নয় কিলোমিটার সংস্কারের দায়িত্ব পান একজন ঠিকাদার। এ জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। গত বছরের অক্টোবর মাসে ১২ কোটি টাকা ব্যয়ে বাকি আট কিলোমিটার সংস্কারের দায়িত্ব পান ছয়জন ঠিকাদার। টাকার অভাবে কোনো কাজই সঠিক সময়ে শুরু হয়নি। এ পর্যন্ত নয় কিলোমিটার কাজের মধ্যে প্রায় সাড়ে তিন এবং আট কিলোমিটারের মধ্যে প্রায় চার কিলোমিটারে কার্পেটিংয়ের কাজ হয়েছে। তবে ওপরের অংশে কোনো প্রলেপ (ওভার লে) দেওয়া হয়নি। এতে বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার মজমপুর ট্রাফিক মোড়, মিরপুর উপজেলার গোবিন্দপুর, রানাখড়িয়া, জ্যোতি ফিলিং স্টেশন এলাকা, শিমুলতলা, মীর্জানগর, ভেড়ামারার সাতমাইল ও আটমাইল এলাকায় কার্পেটিং উঠে গর্ত হয়ে গেছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। সওজ নিয়োজিত শ্রমিকেরা ইট-বালু ফেলে ওই সব গর্ত ভরাটের চেষ্টা করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার লোকজন রাজশাহী ও রংপুর বিভাগে যাতায়াত করে। একইভাবে উত্তরাঞ্চলের ওই দুই বিভাগের ১৬ জেলার লোকজন দক্ষিণাঞ্চলে আসে। এ সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার দুই-আড়াই হাজার যানবাহন চলাচল করে। খানাখন্দ সৃষ্টি হওয়ায় এখন যাতায়াতে সমস্যা হচ্ছে।
নয় কিলোমিটার অংশের ঠিকাদার মোমিনুর রহমান বলেন, ‘টাকা না দিলে কাজ চালানো কঠিন। নিজের টাকায় আর কত কাজ করব?’
সওজের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দীন বলেন, সড়কে ওভার লে করা হয়নি। এতে কার্পেটিং টিকিয়ে রাখা মুশকিল। টাকা না থাকায় ঠিকাদাররা কাজ করতে পারছেন না। নিজস্ব তহবিল থেকে গর্ত ভরাট করানো হচ্ছে। ১৭ কোটি টাকা বরাদ্দের জন্য একটি প্রস্তাব সওজের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।