
রাজিব মিয়া (২৮) সিএনজিচালিত অটোরিকশা চালান। গত মঙ্গলবার চারজন যাত্রীকে নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে কুলিয়ারচর-সরারচর সড়ক দিয়ে বাজিতপুর যাচ্ছিলেন। কুলিয়ারচর উপজেলার পীরপুর এলাকায় অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে উল্টে যায়। এতে চালকসহ সবাই আহত হন।
রাজিব মিয়া বলেন, ‘রাস্তাডার অবস্থা ভালা না। খুবই খারাপ। ছাল-বাকল উইঠা গেছে। গাড়ির টানই উঠান যায় না। জায়গায় জায়গায় গাতা হইয়া আছে। প্রতিদিন ঝুঁকি নিয়া গাড়ি চালাতে হয়।’ তিনি আরও বলেন, তাঁর গাড়ির যাত্রীরা অসুস্থ ছিলেন। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। গাড়িটি উল্টে যাওয়ায় তাঁরা আরও অসুস্থ হয়ে পড়েন।
কুলিয়ারচর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, কুলিয়ারচর-সরারচর সড়কটির দৈর্ঘ্য ৪ হাজার ৮০০ মিটার। প্রস্থ ১০ মিটার। সরারচর অংশটি পড়েছে বাজিতপুর উপজেলায়। সড়কটি কুলিয়ারচর উপজেলা পরিষদ থেকে উসমানপুর ইউনিয়ন এবং বাজিতপুরের ভাগলপুর হয়ে সরারচর গেছে। এটি কুলিয়ারচর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে। সড়কটি সর্বশেষ সংস্কার হয় ছয় বছর আগে। প্রতিদিন কয়েক শ ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা সড়কটিতে যাতায়াত করে। ভারী যানও চলে। বিশেষ করে কুলিয়ারচর ও ভৈরব উপজেলার রোগীদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে সড়কটি ব্যবহার করতে হয়।
উসমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম কারী বলেন, তিনি সড়কটি নিয়ে বিপাকে আছেন। আসা-যাওয়ার পথে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই তাঁকে নানা অভিযোগ শুনতে হয়। সড়কটি সংস্কার ছাড়া চলাচলের আর সুযোগ নেই।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি বিনতে সালামও জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশির ভাগ অংশ ভাঙাচোরা। অনেক স্থান থেকে পিচ ও সুরকি উঠে গেছে। দুই পাশ থেকে মাটি সরে গেছে। এতে সড়কটির প্রস্থ কোথাও পাঁচ থেকে ছয় মিটারে নেমেছে। কিছু দূর পরপর সড়কের মাঝে গর্ত। এ কারণে যানবাহন খুব ধীরে চলে। বিশেষ করে উসমানপুর, রাজিবপুর কমিউনিটি সেন্টারের কাছে, পীরপুর পোলট্রি খামার এবং জামতলী এলাকার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, সড়কটিতে প্রতিদিন এক বা একাধিক অটোরিকশা উল্টে যাচ্ছে। এতে যাত্রীরা জখম হচ্ছেন। বেশি সমস্যা হয় বৃষ্টি হলে। বৃষ্টিতে গর্তগুলো পানিতে ঢেকে যায়। সড়ক কর্দমাক্ত থাকে। তখন দুর্ঘটনার মাত্রা বেড়ে যায়।
অটোরিকশার চালক জহির মিয়া বলেন, ‘দিনে কম করে হইলেও ২০ বার আসা-যাওয়া করতে হয়। ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চালানোর কারণে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হইয়া যায়, আবার শরীরের বিষ বেদনা বাড়ে।’
ব্যাটারিচালিত রিকশাচালক তৌহিদুর রহমান বলেন, দুই দিন আগে দুই নারী যাত্রী নিয়ে যাওয়ার পথে তাঁর রিকশা উল্টে যায়। এতে তিনি এবং দুই যাত্রী মাথা ও চোখে আঘাত পান।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, তাঁদের পর্যবেক্ষণে সড়কটির ২ হাজার ৭০০ মিটার অংশ খুবই ভেঙে গেছে। এ কারণে সড়ক সংস্কারের আবেদন করে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। আবেদনে সড়কটি প্রস্থে ১০ থেকে বাড়িয়ে ১৬ মিটার করার প্রস্তাব করা হয়েছে। তা এখনো অনুমোদন হয়নি। আগামী অর্থবছরে অনুমোদন পাবেন বলে ধারণা করছেন।