কার্পেটিং উঠে গেছে, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদর থেকে তেঘরিয়া বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরে গেছে দুই পাশের মাটিও। বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে তেঘরিয়া বাজার পর্যন্ত প্রায় পুরো সড়কেরই কার্পেটিং উঠে তাতে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। সড়কের উভয় পাশের মাটি ধসে অনেক স্থানে যানবাহন ক্রসের জায়গাও নেই। এতে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। লেগে থাকে যানজট। সড়কে রয়েছে আটটি সেতু ও কালভার্ট। এর মধ্যে কয়েকটির দেয়াল ভেঙে গেছে। কালাবাগা ও চর পাকেরদহ কারিগরি বালিকা কলেজসংলগ্ন সেতুর অবস্থাই বেশি খারাপ। তেঘরিয়া বাজারের ব্যবসায়ী নিমাই সরকার বলেন, উভয় পাশের মাটি সরে যাওয়ার কারণে যমুনা সার কারখানা থেকে সারবোঝাই ট্রাক সরাসরি এই বাজারে আসতে পারে না। ১২ কিলোমিটার দূরে বালিজুড়ি বাজারে সারের বস্তা নামিয়ে যায়। সেখান থেকে রিকশাভ্যান ও গাড়িতে করে সার নিয়ে আসতে হয়। এতে পরিবহন বাবদ বাড়তি খরচ গুনতে হচ্ছে। ব্যবসায়ও ক্ষতি হচ্ছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ মজনু ফকির বলেন, রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য বেশ কয়েকবার উপজেলার এলজিইডি প্রকৌশলীর কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু কাজ কিছুই হয়নি।তবে সড়কটি সংস্কারের জন্য কয়েক দিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন এলজিইডি প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল।