কার্পেটিং উঠে গেছে মহল্লার রাস্তাগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ সড়কেরই কার্পেটিং উঠে গেছে। তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে পাড়া-মহল্লার বাসিন্দাদের ভোগান্তির অন্ত নেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে ঠাকুরগাঁও পৌর এলাকার ছয়টি পাড়ার রাস্তাগুলোর এ দশা।
সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে বসিরপাড়া, সরকারপাড়া, পূর্ব গোয়ালপাড়া, মুন্সিপাড়া, আশ্রমপাড়া ও হরপাড়ার রাস্তাগুলোতে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। পাথর ও ইটের খোয়া বেরিয়ে এসেছে। ঝাঁকি খেতে খেতে আগাচ্ছে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন। খানাখন্দে জমে থাকা কাদা পানি ছিটকে নোংরা হচ্ছে পথচারীদের পোশাক।
সিরাজ-উদ-দৌল্লা সড়কের বসিরপাড়া, সরকারপাড়া ও পূর্ব গোয়ালপাড়া এলাকায় চারটি বেসরকারি ক্লিনিক রয়েছে। ওই এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই ভাঙা। ফলে এলাকাবাসীসহ ক্লিনিকগুলোতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মো. আজম বলেন, ‘আমাদের এলাকার রাস্তাটি কয়েক বছর ধরেই ভাঙা। রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকার সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। অথচ এটি চলাচলের অনুপযোগী।’
এ ছাড়া মুন্সিপাড়ার রাস্তার কার্পেটিং উঠে তৈরি হয়েছে গর্ত। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে যাওয়ায় যানবাহন চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই নরেশ চৌহান সড়কের হলপাড়ার সংযোগ রাস্তা দুটোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে নর্দমার ময়লা-আবর্জনা রাস্তায় চলে আসে। মহল্লাবাসীকে নোংরা, দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হয়। আশ্রমপাড়ার বঙ্গবন্ধু সড়কের সংযোগ রাস্তাগুলোর দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
মুন্সিপাড়া এলাকায় কথা হয় রিকশাচালক রমজান আলীর সঙ্গে। তিনি বলেন, চার দিন আগে তিনি অসুস্থ এক নারীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। অসাবধানতাবশত হঠাৎ গর্তে একটি চাকা পড়ে রিকশাটি উল্টে যায়। এতে ওই রোগী এবং তিনি দুজনই আহত হন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন পৌর এলাকার পাড়া-মহল্লার রাস্তাগুলো ভেঙে গেছে বলে স্বীকার করে বলেন, ‘রাস্তাগুলো সংস্কারের প্রয়োজন থাকলেও বর্ষা শেষ হওয়ার আগে রাস্তাগুলোতে সংস্কারকাজ শুরু করা যাবে না। বৃষ্টির মৌসুম শেষ হওয়া মাত্রই সংস্কারকাজ শুরু করা হবে।’