সংস্কারের অভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম-কুচলিবাড়ী সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা সদরে যাতায়াতকারী প্রায় ৩৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)) সূত্র জানায়, ১৯৯৬ সালের দিকে এলজিইডির অর্থায়নে পাটগ্রাম-ললিতারহাট সড়কটির তিন কিলোমিটার এবং ২০১১ সালের দিকে ললিতারহাট-কুচলিবাড়ী সড়কটির তিন কিলোমিটার কার্পেটিং করা হয়। এরপর থেকে সংস্কার না করায় ওই সড়ক দুটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে।
এলাকাবাসী জানান, বর্ষাকালে বৃষ্টি ও ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে খানাখন্দসহ সড়কের দুই পাশে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে উপজেলা সদরে চলাচল করে কুচলিবাড়ী কলসিরমুখ বিজিবি ক্যাম্প, কুচলিবাড়ী, চাত্রারপাড়, বসুনিয়াপাড়া, পানবাড়ী, দোইয়ালেরটারী, ললিতারহাট ইত্যাদি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ। রাস্তাটি সংস্কার না করায় এসব মানুষ দুর্ভোগে পড়েছে।
সরেজমিনে পাটগ্রাম সরকারি কলেজ মোড় থেকে কুচলিবাড়ী গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার ঘুরে দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। দুই পাশের ঢালে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটি গাড়ি আরেকটিকে পাশ দিতে গেলে চরম বেগ পেতে হচ্ছে। সড়কটির তিনটি সেতুর দুই পাশেও গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
কুচলিবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। কিন্তু এই ভাঙাচোরা, খানাখন্দে ভরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। তখন অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাঁদের।
মোজ্জাফারুল নাসের এক ভ্যানচালক বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। তাই কিছুটা বেশি ভাড়া চান বলে জানান তিনি।
কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল ওহাব বলেন, সড়কটির বেহাল অবস্থার কথা উপজেলা সমন্বয় বৈঠকে তোলা হয়েছে। তারপরও কাজ হচ্ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রাম উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আলী আকবর বলেন, সড়কটি সংস্কারে প্রকল্প প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।