কার্পেটিং উঠে ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সদর বালিজুড়ি বাজার থেকে তেঘরিয়া বাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থ বছরে ৩২ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু সংস্কার কাজ শেষ হওয়ার দেড় মাসের মাথায় এর কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন এলাকাবাসি। এর পর থেকে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মুনিরুজ্জামান দেড় মাসের মাথায় কার্পেটিং উঠে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, কাজ শেষের কমপক্ষে এক থেকে দেড় বছর পর অতিরিক্ত যাবাহন চলাচলের জন্য ওই সড়কের কোনো কোনো স্থানে কার্পেটিং উঠে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বালিজুড়ি বাজার থেকে তেঘরিয়া বাজার পর্যন্ত প্রায় পুরো সড়কে কার্পেটিং উঠে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশের মাটি ধসে গেছে। ফলে অনেক জায়গায় দুটি যানবাহন একে–অপরকে পাশ কাটাবে এমন জায়গাটুকুও নেই।
তেঘরিয়া বাজারের সারের ডিলার নিমাই সরকার বলেন, মাটি সরে যাওয়ার কারণে কিছুদিন আগে যমুনা সার কারখানা থেকে সারবোঝাই ট্রাক আসার সময় উল্টে গিয়ে যায়। এতে অর্ধেক সার নষ্ট হয়ে যায়। এখন আর সরাসরি ট্রাক আসতে পারে না।
ছয় কিলোমিটার দূরে বালিজুড়ি বাজারে সারের বস্তা নামানো হয়। সেখান থেকে রিক্সাভ্যান ও শ্যালোইঞ্জিন চালিত ট্রলিতে করে সার নিয়ে আসতে হয়।
দোকান ব্যবসায়ী মো¯দুলাল মিয়া বলেন, যাতায়াতের জন্য রাস্তাটি কোনোভাবেই উপযুক্ত নয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মজনু ফকির বলেন, ‘আমার ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, টিআর ও কাবিখার
চালের বস্তা উপজেলা খাদ্য গুদাম থেকে রিক্সাভ্যান বা গাড়িতে করে আনতে হয়। খরচও পড়ে অনেক বেশি।’
সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য বেশ কয়েকবার মাদারগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলীর কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি বলে জানান তিনি।
মাদারগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল বলেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুত এক কোটি ২০ লাখ টাকার প্রকল্প তৈরি করা হবে। সেই প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে পাঠানো হবে। বরাদ্দ পাওয়া মাত্র দরপত্র আহবান করা হবে।