কার্পেটিং ও পাথর উঠে অর্ধেক রাস্তাই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকার বেশির ভাগ সড়কের কার্পেটিং ও বিটুমিন উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও দীর্ঘদিন ধরে সড়কগুলো মেরামত করা হচ্ছে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, পৌর এলাকায় ২৭৫ কিলোমিটারের মধ্যে প্রায় ২৫০ কিলোমিটার পাকা। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২০ কিলোমিটার। মোট সড়কের প্রায় অর্ধেক খারাপ এবং চলাচলের অনুপযোগী। পৌর তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। সড়কগুলো মেরামতের জন্য অর্থ চেয়ে মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে রাস্তাগুলো মেরামত করা হবে।
বাহিরগোলা মহল্লার ফুয়াদ হায়দার খান বলেন, সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উভয় পাশের বিভিন্ন স্থান দখল হয়ে যাওয়ায় সংকুচিত হয়ে পড়ছে। এমতাবস্থায় সরকারি নকশা অনুযায়ী জরিপ করে দখল হওয়া রাস্তা উদ্ধার করাসহ ভাঙা রাস্তাগুলো মেরামত করা খুব জরুরি হয়ে পড়েছে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে দত্তবাড়ী হয়ে রানীগ্রাম, বাহিরগোলা পুরাতন রেললাইন থেকে রহমতগঞ্জ, বাহিরগোলা থেকে রানীগ্রাম বাজার, বাহিরগোলা গুড়ের বাজার থেকে রহমতগঞ্জ কবরস্থান পর্যন্ত শহীদ বন্দে আলী রোড, বাজার স্টেশন থেকে মাসুমপুর হয়ে পুলিশ লাইন, শহীদ নাজমুল চত্বর (চৌরাস্তা) থেকে জানপুর ব্রিজ, ব্যাপারীপাড়া থেকে সাহেদ নগর এবং জে সি রোড, জি এম হিলালী রোড ও কালীবাড়ী রোডসহ শহরের অধিকাংশ সড়ক ভেঙে গেছে। এসব সড়কের কংক্রিটের ঢালাই উঠে গিয়ে রড বের হয়ে পড়েছে।
রানীগ্রাম এলাকার শহিদুল ইসলাম বলেন, এ এলাকার সবগুলো সড়ক ১৫ বছর আগে নির্মাণ করা হয়। কয়েক দফা বন্যার পানিতে এগুলো ডুবেও গিয়েছিল। এরপরও সড়কগুলো মেরামত করা হয়নি। দিনে কোনোমতে চলাচল করা গেলেও রাতে কষ্টের সীমা থাকে না। কখনো গর্তের মধ্যে পা পড়ে ভেঙে যায়।
পৌরসভার মেয়র সৈয়দ আবদুর রউফ বলেন, ‘সবেমাত্র দায়িত্ব নিয়েছি। পৌরসভার নিজস্ব তহবিলে যে অর্থ রয়েছে, তা দিয়ে জরুরিভাবে কিছু কিছু স্থানে সড়ক সংস্কার ও মেরামত করা হবে।’