মাস চারেক আগে চট্টগ্রাম নগরের গনি বেকারি থেকে চকবাজার পর্যন্ত রাস্তা কার্পেটিংয়ের কাজ শেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। এখন সেই রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা।
এতে আবার দুর্ভোগ বেড়েছে পথচারী ও নগরবাসীর। ফলে ওয়াসা ও সিডিএর মধ্যে সমম্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুটি সংস্থাই এ অভিযোগ অস্বীকার করেছে।
চট্টগ্রাম নগরের চকবাজার থেকে গনি বেকারি পর্যন্ত সড়কটি এমনিতেই যানজট থাকে সারাক্ষণ। কারণ, সড়কের একদিকে চট্টগ্রাম কলেজ এবং বিপরীত দিকে মহসীন কলেজের অবস্থান। একই সড়কে আরও স্কুল এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা সড়কটি ব্যবহার করে আসছেন। এ কারণে সিডিএ সড়কটি দুই লেন থেকে চার লেনে সম্প্রসারণ করে। একই সময়ে ওয়াসা রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজও শুরু করে।
সিডিএ সূত্র জানায়, ওয়াসার পাইপ বসানোর জন্য সড়কটির কার্পেটিংয়ের কাজ শুরু করতে দেরি হয়। সাত-আট মাস আগেই পাইপ বসানোর কাজ শেষ করে ওয়াসা। এরপর মাস চারেক আগে কার্পেটিংয়ের কাজ শেষ করে সিডিএ। এতে রাস্তা চওড়া হয়ে যাওয়ায় ওই এলাকায় যানজটও কমে আসে। কিছুটা স্বস্তি আসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহ থেকে আবার নতুন সড়ক কেটে ওয়াসার গেটবাল্ব তৈরির কাজ শুরু হয়েছে। এতে এক দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে আবার যানজট দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরের উন্নয়নকাজে সমম্বয় নেই বলে নতুন কার্পেটিং করা রাস্তা আবার খোঁড়াখুঁড়ি হচ্ছে। একপক্ষ নিজেদের প্রয়োজনে রাস্তা কাটবে। আরেকপক্ষ সেই রাস্তা কার্পেটিং করবে। আসলে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহিতা নেই। নেই সমম্বয়। নগরবাসীর কথা কি তারা চিন্তা করে?
সিডিএর প্রধান প্রকৌশলী জসিমউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নতুন রাস্তা কাটার অনুমতি আমরা অনেক দিন ধরে আটকে রেখেছিলাম। কারণ ওয়াসার প্রকল্পের কাজের জন্য আমরা এমনিতে অনেক দেরি করে চট্টগ্রাম কলেজ সড়ক কার্পেটিং করি। কিন্তু ওয়াসার প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে আমাদের জানানো হয়। জাপানিরা প্রকল্পের কাজটি করছে। তাই আমরা গেটবাল্ব তৈরির জন্য রাস্তা কাটার অনুমতি দিয়েছি।’
সিডিএর সঙ্গে ওয়াসার সমম্বয়হীনতা প্রসঙ্গে জসিমউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সমম্বয় করে কাজ করার চেষ্টা করি। আমরা তো ওয়াসাকে অনেক সময় দিয়েছি। কিন্তু তাঁরা আবার রাস্তা কাটার অনুমতি চায়, যা আমরা আটকে রেখেছিলাম। এতে সিডিএর বিরুদ্ধে সমম্বয়হীনতার অভিযোগ সঠিক নয়।’
ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পাইপ বসানোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গেটবাল্ব বসাতে হয়। দুটি কাজ একইসঙ্গে চলে না। আগে পাইপ বসাতে হয়। এখন গেটবাল্ব বসানোর কাজ চলছে। তাই আবার রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। এতে নগরবাসীর কিছুটা দুর্ভোগ বেড়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে কাটা রাস্তাগুলোকে কার্পেটিং করে দেব।’
সমন্বয়হীনতা প্রসঙ্গে আবদুল করিম চৌধুরী বলেন, ‘বড় প্রকল্পের কাজ নিখুঁত করতে অনেক পরীক্ষানিরীক্ষা করতে হয়। আমরা আরও আগে রাস্তা কাটার অনুমতি চেয়েছিলাম। সিডিএ দেরি করে অনুমতি দিয়েছে। এতে সমন্বয়হীনতা হয়েছে বলে আমি মনে করি না।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ হবে। গোটা নগরে ৫০-৬০টি গেটবাল্ব বসানো হবে। একটি ভালো কাজ সফলভাবে সমাপ্তির জন্য কষ্ট তো করতে হবে।