কার্পেটে জীবনের বুনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে কার্পেট বুনছেন এক প্রতিবন্ধী নারী l ছবি: জগলুল পাশা
ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে কার্পেট বুনছেন এক প্রতিবন্ধী নারী l ছবি: জগলুল পাশা

কার্পেট তৈরির জন্য সুতা সাজানো, বুননযন্ত্রে সুতা লাগানো থেকে শুরু করে কার্পেট, শতরঞ্জি তৈরি—সবই করছেন প্রতিবন্ধী নারীরা। বাজারে এই কার্পেটের দাম ৩ থেকে ২০ হাজার টাকা। বিক্রির টাকা জমা হচ্ছে প্রতিষ্ঠানের তহবিলে, যেখান থেকে ব্যয় হচ্ছে প্রতিবন্ধী নারীদের উন্নয়নে।
ময়মনসিংহ শহরে মোট ১২ জন প্রতিবন্ধী নারীকে নিয়ে তৈরি হয়েছে কার্পেট হাউস। এখান থেকে মাসে কম করে হলেও আটটি কার্পেট তৈরি হচ্ছে। ওই নারীদের এ সুযোগ করে দিয়েছে ময়মনসিংহের প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার। ১৯৯৭ সাল থেকে সংগঠনটি কাজ করছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, কম্পিউটারে গান বাজছে। নারীরা নিজ নিজ জায়গায় বসে কার্পেট ও শতরঞ্জি বুনছেন। মাস শেষে কাজের পরিমাণ ও নকশা অনুযায়ী তাঁরা টাকা পান। তাঁদের একজন শেফালি আক্তার। তিনি ২০০৪ সাল থেকে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। পোলিও রোগে তাঁর পা অচল হয়ে গেছে। তিনি কম্পিউটারে কার্পেটের নকশা এঁকে দেন। শেফালি বললেন, সুতার তৈরি কার্পেটগুলো সহজেই ধোয়া যায়। চাহিদাও আছে। কিন্তু ঢাকায় কোনো শোরুম না থাকায় চাহিদা বাড়ছে না। এর প্রধান বাজার বিদেশে।
বাক্প্রতিবন্ধী সাবিনা নারীদের ব্যবহার করা পুরোনো কাপড় দিয়ে একধরনের কার্পেট তৈরি করছিলেন। ময়না কাজ করছেন ২০০৮ সাল থেকে। ছোটবেলায় এক দুর্ঘটনায় বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে দেওয়া একটি কৃত্রিম পা ব্যবহার করছেন তিনি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী নোপালি কাজ করছেন ২০০৭ সাল থেকে। পোলিওতে তিনিও পঙ্গু হয়ে গেছেন। তিনিও বললেন, এখানে যা পাচ্ছেন, তা দিয়ে কোনোরকমে চলে যায়।
ওই নারীরা আরও বললেন, কার্পেট ও শতরঞ্জি বুননে মাথার কাজ বেশি। নকশার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে করতে হয়। কার্পেট বুননের বিভিন্ন যন্ত্র বেশ ভারী। তাই পরিশ্রমও বেশি। এই নারীরা সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ ও পড়াশোনা করেন। কাজ শেষ করার জন্য তেমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও নিজেদের মধ্যে একধরনের তাগিদ থাকে।
অন্য একটি সংগঠনের সহায়তায় কার্পেট হাউসে বসেই পড়াশোনা করছেন এই নারী কারিগরেরা। একজন এখন তৃতীয় এবং আরেকজন চতুর্থ শ্রেণিতে পড়ছেন। অন্যরাও পড়া চালিয়ে যাচ্ছেন। সীমা নামে একজন কারিগর বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে।
প্রতিবন্ধী নারীদের ক্লাব শান্তিনীড়: সরকারের এনজিও ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার নারীদের জন্য তৈরি করেছে নারী ক্লাব। শান্তিনীড় নামে এ ক্লাবের সভাপতি তাহমিনা আক্তার অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। ক্লাবের সহকারী ইনচার্জ চুমকি বিশ্বাসও পোলিওর কারণে একা বেশি দূর হাঁটতে পারেন না। এ ক্লাবের সদস্যরা এমব্রয়ডারির কাজ করেন। বুদ্ধিপ্রতিবন্ধী থেকে শুরু করে বিভিন্ন ধরনের ১০৩ জন নারী ক্লাবের সদস্য। সপ্তাহে এক দিন এই নারীদের পরিবার নিয়ে সভা বসে। সেখানে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলে। যে নারীরা ঘর থেকে বের হতে পারেন না, তাঁরা ঘরে বসে কাজ করার সুযোগ পান।
শান্তিনীড় নামের এ নারী ক্লাবে গিয়ে দেখা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী তানিয়া, সুইটিসহ অন্যরা মনোযোগ দিয়ে বিছানার নকশি চাদর, ব্যাগ, কামিজসহ বিভিন্ন জিনিসে সুই-সুতা দিয়ে নকশা তুলছেন। ক্রাচ নিয়ে চলাফেরা করা বিলকিস আক্তার সাদা বিছানার চাদরে নীল সুতা দিয়ে ফুলেল নকশা তুলছিলেন। পুরো কাজ শেষ করতে পারলে ১২০০ টাকা পাবেন।
মুন্নি টাইফয়েড জ্বরে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি একটি কামিজে নকশা তুলছিলেন। তিনি বললেন, এটি শেষ করতে পারলে ৩০০ টাকার মতো পাবেন। গত মাসে পেয়েছিলেন এক হাজার টাকা।
২৫ বছর বয়সী আফরোজা সরকারের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। সেই সঙ্গে শান্তিনীড় থেকে যা পাচ্ছেন, তা দিয়ে নিজের হাতখরচ ভালোভাবেই মেটাতে পারছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি দশম শ্রেণিতে পড়ছেন। সামনে একটি লিডারশিপ প্রোগ্রামে জাপানে যাবেন। তারই প্রস্তুতি হিসেবে জাপানি ভাষা শিখছেন। নিজেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারেন।
এই নারীদের অনেকেই বাইরে প্রশিক্ষকেরও কাজ করছেন। সেখান থেকে যে ভাতা পান, তা তাঁদের নিজস্ব আয়। এর বাইরে সেলাই মেশিনে কাজ করছেন তিন মূক-বধির নারী। প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রমেও নারীরা কাজ করছেন। কথা বলতে না পারা নমিতা রায় গমের ডাঁটা দিয়ে কার্ড তৈরি করছিলেন। এসব কার্ডের বিদেশে চাহিদা আছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অঞ্জন কুমার চিচাম বলেন, বিদেশি সহায়তানির্ভর প্রতিষ্ঠানটি সরকারের বিভিন্ন শর্ত শতভাগ মেনে চলার চেষ্টা করছে।