কার্বন নিঃসরণ কমাতে সহায়তা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা যাতে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে বিশ্বের সবগুলো রাষ্ট্র ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি করেছে। এই চুক্তি বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে রাষ্ট্রগুলোর কার্বন নিঃসরণ কমানোর জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা (এনডিসি) বাস্তবায়ন। বাংলাদেশসহ ২৮টি উন্নয়নশীল দেশ তাদের এনডিসি বাস্তবায়নে এরই মধ্যে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।

জার্মান সরকারের অর্থনৈতিক সহায়তা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জলবায়ুবিষয়ক কর্মকর্তা মার্টিন কিপিং এসব কথা জানিয়েছেন। সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্যারিস চুক্তি বাস্তবায়নবিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ বিষয়ে কথা বলেন। প্রথম আলোর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত এই এনডিসিগুলো কার্যকর করতে প্রয়োজন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাজেট এবং বিনিয়োগ।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয়ভাবে অনুমিত অঙ্গীকার অনুযায়ী, বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে সর্বাধুনিক সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির আওতায় আনা এবং ২০৩০ সালের মধ্যে বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ৪০০ মেগাওয়াট, সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার মেগাওয়াট উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ৪ হাজার কোটি মার্কিন ডলার লাগবে বলে এনডিসিতে প্রাক্কলন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশির ভাগই দরিদ্র। বাংলাদেশ তালিকার প্রথম সারিতে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর এনডিসি পূরণে বিনিয়োগ, প্রযুক্তিগত ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে বার্লিনে কর্মশালায় জানানো হয়।

জার্মান সরকারের জলবায়ুবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন কিপিং বলেন, প্যারিস চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর কার্বন নিঃসরণে জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা (এনডিসি) দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালে মরক্কোয় জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গঠন করা হয়েছে জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অংশীদারত্ব (এনডিসিপি)। চলতি বছর জার্মান সরকার এনডিসিপিতে ৬০ মিলিয়ন ইউরো অর্থসহায়তা দিয়েছে।

বর্তমানে এনডিসিপিতে রয়েছে শিল্পোন্নত ১৫টি ও উন্নয়নশীল ৪২টি দেশ এবং ৮টি দাতা সংস্থা। বাংলাদেশ এনডিসিপির সক্রিয় সদস্য। কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণে ইতিমধ্যে বাংলাদেশ এনডিসিপির সহায়তা চেয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি সই হয়। এই শতকে বৈশ্বিক উষ্ণতা বর্তমান গড় উষ্ণতার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে না, বরং তা দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা চুক্তির মূল বিষয়। এই চুক্তি হওয়ার আগে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র তাদের কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা বিষয়ে প্রতিবেদন বা এনডিসি জমা দেয়।

বাংলাদেশ তার এনডিসিতে ২০৫০ সালের মধ্যে নিজস্ব সম্পদ ব্যয় করে ৫ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। আর আন্তর্জাতিক সহায়তা পেলে কমাবে আরও ১৫ শতাংশ। বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোলজিক ইনস্টিটিউটের ফেলো লিনা ডোনাট বলেন, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর কার্বন নিঃসরণে জাতীয়ভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের ওপর নির্ভর করছে চুক্তির সাফল্য, ব্যর্থতা। বিনিয়োগ, প্রযুক্তিগত ও অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা ছাড়া উন্নয়নশীল দেশগুলোর পক্ষে লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব হবে।