কার্বাইড দেওয়া আট হাজার কেজি আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় পাইকারি ফলের বাজারে অভিযান চালিয়ে প্রায় আট হাজার কেজি আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বাইড দিয়ে পাকানো হচ্ছিল। এ ছাড়া কৃত্রিমভাবে ফল পাকানো এবং অনুমোদনহীন খাবার বাজারজাত করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) গতকাল সোমবার রাজধানীতে এ অভিযান চালায়। বিএসটিআই সূত্র জানায়, সকাল ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বাদামতলী এলাকার সাতটি ফলের আড়তে যান। এর মধ্যে চারটি আড়তে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম পাওয়া যায়। এগুলো হলো বন্ধু এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ ট্রেডার্স, এশিয়া ফ্রুটস ও লামিয়া এন্টারপ্রাইজ। এসব আড়ত থেকে প্রায় আট হাজার কেজি কার্বাইড দেওয়া আম জব্দ করা হয়। পরে ডেমরার ডাম্পিং স্টেশনে নিয়ে নষ্ট করা হয়। চারটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করেন আদালত।পরে আদালত ফকিরাপুলের এএস অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক-চানাচুর উৎপাদন ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ।