কার্বাইড পরীক্ষা হয় না চট্টগ্রামে বাজারে রাসায়নিক মিশ্রিত ফল
কার্বাইড, ফরমালিনসহ নানা রাসায়নিক মিশ্রিত ফলে বাজার ছেয়ে গেলেও কার্বাইড পরীক্ষার কোনো ব্যবস্থা চট্টগ্রামে নেই৷ এ কারণে ফলমূল, বিশেষ করে আম ও কলায় কার্বাইড ব্যবহৃত হলে তা নিরূপণের কোনো ব্যবস্থা নেই।
সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, চট্টগ্রামের বাজারে বিভিন্ন ফলমূলে ফরমালিনের অস্তিত্ব রয়েছে। নগরের কাজীর দেউড়ি, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার মেডিকেলের সামনে এসব ফলের পরীক্ষা করা হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এপ্রিল মাসে নগরের বিভিন্ন দোকানের ফলমূলের ওপর এই পরীক্ষা-নিরীক্ষা করেছে৷ এতে দেখা গেছে, গাজরের চারটি নমুনার মধ্যে তিনটিতে ফরমালিন রয়েছে৷ সর্বোচ্চ ৮ দশমিক ০৭ পিপিএম পর্যন্ত ফরমালিন পাওয়া গেছে গাজরে। আমের নয়টি নমুনার মধ্যে সাতটিতে সর্বনিম্ন দশমিক ০৫ থেকে সর্বোচ্চ ৩ দশমিক ৫২ পিপিএম মাত্রার ফরমালিন পাওয়া গেছে।
এ ছাড়া আপেলের নয়টির মধ্যে তিনটিতে, আঙুরের ১০টির মধ্যে ১০টিতে, মালটা নয়টির মধ্যে সাতটিতে, কমলা দুটির মধ্যে একটিতে, কলা চারটির মধ্যে তিনটিতে, সফেদা চারটির মধ্যে চারটিতে, টমেটো দুটির মধ্যে একটিতে, আনারস একটির মধ্যে একটিতে ফরমালিন পাওয়া গেছে। সবেচেয়ে বেশি সফেদার মধ্যে ২৬ দশমিক ০৬ পিপিএম এবং কমলার মধ্যে ১৩ দশমিক ৮২ পিপিএম, কলার মধ্যে ১৬ দশমিক ৮৬ পিপিএম ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে পবার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান বলেন, চট্টগ্রামের বিভিন্ন বাজারের ফলমূলে যে হারে ফরমালিন পাওয়া গেছে, তা রীতিমতো ভয়ানক৷ এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু ক্ষতিকর নয়, নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সূত্র জানায়, চট্টগ্রামের কাজীর দেউড়ি, ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স এবং চৌমুহনী কর্ণফুলী কমপ্লেক্স বাজারে তাৎক্ষণিকভাবে ফরমালিন ব্যবহারের কিট রাখা হয়েছে৷ এসব বাজারের ফলেও ফরমালিন পাওয়া গেছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক জুবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কোন ফলে ফরমালিন নেই তা বলেন তো? আম, জাম লিচু, আপেল, মালটা—সবকিছুতে ফরমালিন রয়েছে৷ এ কাজটি ভোক্তা অধিকার একার পক্ষে করা সম্ভব নয়। আমাদের ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা না এলে ফরমালিনমুক্ত বাজার সম্ভব হবে না।’
কার্বাইড পরীক্ষার ব্যবস্থা নেই: আম, কলা ও পেঁপেতে কার্বাইড ব্যবহৃত হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান। কিন্তু এই কার্বাইড পরীক্ষার কোনো ব্যবস্থা চট্টগ্রামে নেই। ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক জুবায়ের আহমেদ বলেন, ‘ফরমালিনের পাশাপাশি কার্বাইড ব্যবহৃত হচ্ছে৷ কিন্তু আমরা এটা পরীক্ষা করতে পারছি না। ওই রাসায়নিক পদার্থ আমাদের নেই।’
জানা গেছে, চট্টগ্রামের কোথাও কার্বাইড পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। বিএসটিআই, ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারেও (বিসিএসআইআর) এই পরীক্ষার ব্যবস্থা নেই৷
বিসিএসআইআরের ভারপ্রাপ্ত পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘মাইক্রো বাইলোজিক্যাল বিভিন্ন পরীক্ষা আমাদের এখানে হয়ে থাকে। তবে কার্বাইডের কোনো পরীক্ষা হয় না। ঢাকায়ও এটি হয় কি না, তা নিশ্চিত নই।’