কার্বাইড মেশানো কলা নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন অভিযান চালিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দে ভেজা পাট বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ফরিদপুরে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড এবং মাদারীপুরের শিবচরে কার্বাইড মেশানো বিষাক্ত কলা নদীতে ফেলে দেওয়া হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সৈয়দপুর (নীলফামারী): নিম্নমানের পণ্য উত্পাদন ও বাজারজাত করার অভিযোগে গতকাল বুধবার সৈয়দপুরে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় শাহজাদা লাচ্ছা ফ্যাক্টরিকে ২০ হাজার, মজা লাচ্ছা ফ্যাক্টরিকে ১০ হাজার, ডায়মন্ড লাচ্ছা ফ্যাক্টরিকে পাঁচ হাজার, রহমান ফুড প্রোডাক্টকে পাঁচ হাজার এবং নাটোর দইঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসানুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার দুপুরে আদালত ১০ জনের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। ইউএনও জানান, পাংশা বাসস্ট্যান্ডে বেপরোয়াভাবে অটোরিকশা চালানোর দায়ে চালক আবদুর রাজ্জাককে ৪০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাগদুলী বাজারে ভেজা পাট বিক্রির অভিযোগে পাটের ব্যবসায়ী শওকত আলী সরদারকে এক হাজার ২০০, আবদুর রশিদকে ৩০০, লোকমান হোসেনকে ৩০০, সুমনকে ৩০০, ওষুধের দোকানদার লিয়াকত আলীকে ২০০, মিষ্টির দোকানদার রণজিেক ২০০, মনোরঞ্জনকে ২০০ ও সঞ্জয়কে ২০০ টাকা জরিমানা করা হয়।ফরিদপুর: নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের চুঙ্গির মোড় থেকে মাদকব্যবসায়ী ইমান উদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এদিকে সালথা উপজেলার বালিয়াগোট্টি বাজার থেকে আয়োডিনহীন সাত বস্তা লবণ উদ্ধার করে নদীতে ফেলে দেন আদালত। ইউএনও এস এম তুহিনুর আলমের নেতৃত্বে ওই আদালত গত মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চালান। আদালতের সঙ্গে থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শক মো. বজলুল রশিদ জানান, অভিযানকালে রেজাউলের মুদির দোকান থেকে চার বস্তা, সাত্তার খাঁর দোকান থেকে দুই বস্তা ও আকরাম খাঁর দোকান থেকে এক বস্তা (প্রতি বস্তায় ৪০ কেজি করে মোট ২৮০ কেজি) আয়োডিনহীন লবণ জব্দ করা হয়।শিবচর (মাদারীপুর): মঙ্গলবার বিকেলে অর্ধলক্ষাধিক টাকার বিষাক্ত কলা জব্দ করে শিবচর পৌর এলাকার বিলপদ্মা নদীতে ফেলে দেন ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচর পৌর বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় যাদুয়ারচর সড়কের বজলু মাতব্বরের কলার আড়ত থেকে কার্বাইড মেশানো কলা জব্দ করা হয়।