কার্বাইড মেশানোয় ৩০ মণ আম জব্দ করে নষ্ট
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বাইড মিশিয়ে পাকানোর সময় ৩০ মণ আম গাড়ির চাকার নিচে ফেলে নষ্ট করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খাদ্যে বিষক্রিয়া সৃষ্টিকারী কার্বাইড দিয়ে খুলনার পাইকগাছা উপজেলার নোয়াকাটি গ্রামের মাহাবুব হোসেন শ্রীমন্তকাটি গ্রামে বিপুল পরিমাণ আম পাকাচ্ছিলেন। খবর পেয়ে আদালত শ্রীমন্তকাটি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে ৩০ মণ আম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের উপস্থিতিতে আমগুলোতে কেরোসিন মিশিয়ে গাড়ির চাকার নিচে ফেলে পিষ্ট করা হয়। নষ্ট করা আমের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।