প্রথম পার্বত্য নারী হেডম্যান-কার্বারি সম্মেলনে বক্তারা
কার্বারি পদে নিয়োগ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে
হেডম্যান ও কার্বারি পদে নারীদের নিয়োগ পার্বত্য চট্টগ্রামে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এসব প্রথাগত পদে দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে নিয়োগপ্রাপ্ত নারীদের।
গতকাল মঙ্গলবার প্রথম পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান ও কার্বারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের হেডম্যান নেটওয়ার্কের উদ্যোগে এবং ইউএনডিপি ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এলএলআরডি) সহযোগিতায় গতকাল সকালে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘নারী হেডম্যান ও কার্বারিদের যে যাত্রা শুরু হলো, তা কুসুমাস্তীর্ণ হবে না। কারণ, আমাদের সমাজ এখনো সামন্ততান্ত্রিক।’ তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় পার্বত্য চুক্তির পূর্ব ও পরবর্তী সময়ে অধিকার আদায়ের সংগ্রামে নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের অবদান অবশ্যই স্বীকার করতে হবে।
হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, সম্প্রতি চাকমা সার্কেলে নারী কার্বারি নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত যতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় কম। পার্বত্য চট্টগ্রামে ৩৮০টি মৌজায় কমপক্ষে একজন করে নারী কার্বারি থাকা দরকার।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নারী হেডম্যান ও কার্বারিদের নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। নারীদের অবহেলা করার কোনো যৌক্তিকতা নেই। নারীরা দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান বলেন, ‘আমরা বিভিন্ন গবেষণা থেকে জানতে পারি, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধের কারণে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়টি গভীরভাবে তলিয়ে দেখতে হেডম্যান ও কার্বারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’
পার্বত্য চট্টগ্রামে উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান মণি চাকমা বলেন, একসঙ্গে এতজন নারী নেতৃত্ব দেবেন, এটা সত্যি অভাবনীয় ও আনন্দের বিষয়। সাহস নিয়ে যোগ্যতা প্রমাণের মাধ্যমে এগিয়ে যেতে নারী হেডম্যান ও কার্বারিদের প্রতি তিনি আহ্বান জানান।
ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) উপপরিচালক প্রসেনজিৎ চাকমা বলেন, শান্তি প্রতিষ্ঠায় নারীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং নারী হেডম্যান ও কার্বারিদের পক্ষে বক্তব্য দেন সান্ত্বনা চাকমা।